দৌলতদিয়ায় আটকে আছে ফেরি, দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া প্রান্তের চ্যানেলে নাব্যতা-সংকট ও তীব্র স্রোতের কারণে গতকাল শুক্রবার সকাল থেকে আটকে আছে ফেরি কেরামত আলী। ছবি : এম রাশেদুল হক, গোয়ালন্দ।
দৌলতদিয়া প্রান্তের চ্যানেলে নাব্যতা-সংকট ও তীব্র স্রোতের কারণে গতকাল শুক্রবার সকাল থেকে আটকে আছে ফেরি কেরামত আলী। ছবি : এম রাশেদুল হক, গোয়ালন্দ।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে তিনটি ফেরি ডুবোচরে আটকে থাকার কারণে গতকাল শুক্রবার রাত ১২টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল। সকাল নয়টার পর থেকে এ পথে ছোট দুটি ফেরি অল্পসংখ্যক গাড়ি পারাপারের কাজ করছে।
এতে উভয় ঘাটে সাত কিলোমিটারের বেশি রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। আটকা পড়েছে অসংখ্য গাড়ি। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, গতকাল সকালে দৌলতদিয়ার কাছে ডুবোচরে আটকা পড়ে ফেরি কেরামত আলী। এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল দিবাগত রাতে ডুবোচরে আটকা পড়ে রো রো ফেরি ভাষাশহীদ বরকত। আজ ভোর সাড়ে পাঁচটায় এটি উদ্ধার করা হয়। এর এক ঘণ্টা পর সকাল সাড়ে ছয়টার দিকে আরেকটি রো রো ফেরি শাহজালাল ডুবোচরে আটকা পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিসির আরিচা ইউনিটের ব্যবস্থাপক (মেরিন) আবদুুস সাত্তার প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বিকেলে নতুন তৈরি করা বিকল্প অ্যাপ্রোচ চ্যানেলের কিছু অংশের কাজ শেষ হয়। গতকাল সন্ধ্যায় এটি খুলে দেয়ার পর চ্যানেলের মুখে ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আশা-২ ও শৈবাল চ্যানেলের মুখে প্রস্তুত রাখা হয়। এগুলোর সাহায্যে রাত ১২টা পর্যন্ত এক-তৃতীয়াংশ গাড়ি নিয়ে আসা ফেরিগুলো টেনে চ্যানেল পার করা হয়। তবে তিনটি ফেরি আটকে পড়ায় সকাল নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। নয়টা থেকে ছোট দুটি ফেরি দিয়ে অল্প অল্প গাড়ি পারাপার করা হচ্ছে। তাও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান জানান, দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট বরাবর এক হাজার ৮০০ ফুট দীর্ঘ বিকল্প চ্যানেলটি মাত্র এক হাজার ফুট কাজ করার পরই খুলে দেয়া হয়েছে। বর্তমানে ওই চ্যানেলটি দিয়েই ছোট ছোট ফেরি যাতায়াত করছে।