দৌলতদিয়ায় গাড়ির দীর্ঘ সারি
তিন দিনের হরতালের পর রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনের চাপ বাড়ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঘাটে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের সারি দেখা যায়।
বিআইডব্লিউটিসি ও ঘাটসূত্র জানায়, তিন দিনের হরতাল শেষে গত বুধবার রাত থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বাড়তে থাকে। সময় যত গড়ায় যানবাহনের সারিও তত দীর্ঘ হয়। বিভিন্ন যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী বাসও আটকা পড়ে। দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।
গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, নদী পারাপারের জন্য ঘাট থেকে ক্যানাল ঘাট ছাড়িয়ে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে পশ্চিমাংশে দুই সারিতে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে। বিপরীত দিকের পূর্ব পাশের সড়কটি আনলোডের জন্য খোলা রাখা হয়েছে।
যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের চালক আলাউদ্দিন সরদার বলেন, বেলা সাড়ে ১১টা থেকে তিনি সিরিয়ালে আটকে আছেন। কিন্তু এখনো (বিকেল চারটা) ফেরিতে উঠতে পারেননি। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী বাস বেলা ১১টার পর ঘাটে পৌঁছাতে শুরু করে। তখন সাধারণ পণ্যবাহী ট্রাক আটকে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আলম হাওলাদার বলেন, হরতাল শেষে অধিকাংশ গাড়ি রাজধানীসহ অন্যান্য অঞ্চলের উদ্দেশে ছুটতে শুরু করেছে। অনেক পণ্যবাহী গাড়ি বুধবার রাতেই ঘাটে আসায় সেগুলো সকাল পর্যন্ত পার করা হয়। পণ্যবাহী গাড়ি পারাপার শেষ না হতেই অন্যান্য গাড়ির সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস এসে পড়ায় গাড়ির চাপ বেড়েছে।