দৌলতদিয়ায় চালু অবস্থায় খননযন্ত্র ডুবে গেছে
ইঞ্জিনে পানি ঢুকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের কাছে চালু অবস্থায় একটি খননযন্ত্র ডুবে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কতৃপক্ষ—বিআইডব্লিউটিএর খনন বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলী জানান, ১৯৭২ সালে ক্রয় করা অত্যন্ত পুরোনো ও জরাজীর্ণ ডেলটা-১ নামক খননযন্ত্র দিয়ে দৌলতদিয়ার দুই নম্বর ঘাট বরাবর খননকাজ চলছিল। একই সঙ্গে আরও দুটি যন্ত্র দিয়ে খননকাজ করানো হচ্ছিল। ভোর সাড়ে চারটার দিকে খনন করা অবস্থায় পেছনের দিকে পানির এক-দেড় ফুট নিচে ইঞ্জিনের দুটি স্পট ব্রাকেটের একটি ভেঙে যায়। এ সময় প্রচণ্ড চাপ পড়ায় তার কিছুক্ষণ পর অপর ব্রাকেটটিও ভেঙে গিয়ে গার্ডারে আঘাত করলে ইঞ্জিনকক্ষসহ ভেতরে পানি প্রবেশ করে ড্রেজারটি বিকল হয়ে পড়ে।
তিনি আরও জানান, তিনটি পাইপ লাগিয়ে পানি বের করার চেষ্টা ব্যর্থ হলে প্রায় ১২ ঘণ্টা পর বিকেল চারটার দিকে ড্রেজারটি সম্পূর্ণ পানির গভীরে তলিয়ে যায়। স্থানীয়ভাবে উদ্ধারের ব্যবস্থা না থাকায় নারায়ণগঞ্জ থেকে শক্তিশালী জাহাজ রুস্তমকে সংবাদ দেওয়া হয়েছে। সেটি শুক্রবার সন্ধ্যা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী তারিকুল হাসান জানান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামসুজ্জোহা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনসহ একটি দল গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।