দৌলতদিয়ায় পার হওয়ার অপেক্ষায় কয়েক শ যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে গতকাল রোববারও পার হওয়ার অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি অব্যাহত ছিল। এসব যানের অধিকাংশই ছিল যাত্রীবাহী বাস ও ছোট ছোট গাড়ি। এতে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির চাপ গত শুক্রবার থেকেই বাড়তে থাকে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে এই চাপ অব্যাহত ছিল। সকালে একটি বড় ফেরি বিকল হলে এ সমস্যা আরও প্রকট হয়। ঘাট থেকে ক্যানেল ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের লম্বা জটের সৃষ্টি হয়।
সাকুরা পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক রাজু আহম্মেদ জানান, বরিশাল বা খুলনা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে কমপক্ষে দুই-তিন ঘণ্টা করে ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, তিন দিন ধরে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক হাজার ৮৮০টি যানবাহন দৌলতদিয়া দিয়ে ফেরি পার হয়। এখনো গাড়ির চাপ রয়েছে। গতকাল সকাল নয়টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বড় ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিকল হয়ে পড়ে। বর্তমানে নয়টি বড় ও তিনটি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত আটকে থাকা গাড়ির হিসাব সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ফেরিঘাট থেকে টার্মিনালের পাশে অবস্থিত বুকিং কাউন্টার পর্যন্ত সিরিয়ালে থাকা যানবাহনের হিসাব করে থাকি। সে হিসাবে শতাধিক বাস ও কিছু পণ্যবাহী গাড়ি আটকে আছে। কিন্তু বুকিং কাউন্টারের পর থেকে আরও প্রায় দেড় কিলোমিটারের অধিক লম্বা সিরিয়াল দিয়ে ক্যানেল ঘাট ছাড়িয়ে কয়েক শ গাড়ি আছে।’