রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেরিঘাট থেকে আক্কাছ আলী উচ্চবিদ্যালয়ের দিকে কাঁচা সড়কটি ভাঙনের মুখে পড়েছে। এতে সড়কের পাশে থাকা ৬০০ পরিবার ভাঙন-আতঙ্কে দিন পার করছে।
সরেজমিনে দেখা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। তীব্র স্রোতের কারণে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের পদ্মাতীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ফেরিঘাট থেকে আক্কাছ আলী উচ্চবিদ্যালয়ের দিকের কাঁচা সড়কে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে ৪ নম্বর ফেরিঘাট থেকে ছাত্তার মেম্বারপাড়া পর্যন্ত প্রায় এক হাজার মিটার এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ভেঙে অন্তত দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়বে। এ ছাড়া সড়কের পাশে থাকা ৬০০ পরিবার এখন ভাঙন-আতঙ্কে দিন পার করছে।
ছাত্তার মেম্বারপাড়ার বাসিন্দা আজাদ প্রামাণিক, সবুর উদ্দিন, বাবু কাজীসহ অনেকে বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে নদীভাঙনের শিকার হয়ে তাঁরা কেউ দুই বা তিন বছর আগে অথবা তারও আগে এখানে বসতি গড়েন। গত বছর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফেরিঘাট থেকে আক্কাছ আলী উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় পাঁচ হাজার মিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণ করা হয়। এ বছর পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত দেখা দেওয়ায় সড়কের ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে সড়কের প্রস্থ এক-তৃতীয়াংশে নেমে এসেছে।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল বলেন, গত বছর দুই দফায় প্রায় পৌনে ২০০ মেট্রিক টন কাবিখার চালের বিনিময়ে এ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য মাটির রাস্তাটি তৈরি করা হয়। ভাঙন দেখা দেওয়ায় এ বছর সড়কের প্রায় এক হাজার মিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভাঙন রোধ করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে দৌলতদিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২৫ হাজার টাকা ও ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।