
ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ রাজধানীসহ অন্যান্য অঞ্চলে ফিরতে শুরু করেছে। এ কারণে গত শুক্রবার থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে একটি ঘাটের পন্টুন অচল হয়ে পড়লে কয়েক কিলোমিটার দীর্ঘ যানের সারি পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে কয়েক হাজার যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবারের তুলনায় গতকাল শনিবার যানবাহন ও মানুষের চাপ ছিল অনেক বেশি। গতকাল বেলা দুইটার দিকে ফেরির ধাক্কায় দৌলতদিয়ার ২ নম্বর ঘাটের পন্টুনের কবজা ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকে ওই ঘাটের মাধ্যমে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এতে বাকি দুটি ঘাটের ওপর যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে থাকে। আর বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো যানজটে পড়ে।
গতকাল বিকেলে দৌলতদিয়ায় গিয়ে দেখা যায়, ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনের দুটি সারি। ওই সারির পরে আছে আরও দুই কিলোমিটার দীর্ঘ পণ্যবাহী যানের সারি।
গতকাল সকাল ১০টার দিকে ৪২ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ঈগল পরিবহনের চালক আজম খান বিকেল পাঁচটার দিকে বলেন, ‘পৌনে তিনটার দিকে ঘাটে পৌঁছেও এখনো ফেরির নাগাল পাইনি। ফেরির কাছে যেতে আরও দুই কিলোমিটার যানবাহনের সারি পেরোতে হবে।’
খুলনার খালিশপুর থেকে আসা বাসযাত্রী ইস্রাফিল সরদার জানান, রোববার সকালে অফিস করতে হবে বলে গতকাল শনিবার সকালেই পরিবার নিয়ে রওনা হয়েছেন। কিন্তু প্রায় তিন ঘণ্টা ধরে ঘাটেই বসে আছেন। ফেরি ধরতে হয়তো আরও দু-তিন ঘণ্টা লাগবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বলেন, গত শুক্রবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আরও একটি বড় ফেরি যুক্ত হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত সেখানে ১০টি বড় ও তিনটি ছোট ফেরি চলেছে। কিন্তু গতকাল বেলা দুইটার দিকে ২ নম্বর ঘাটটি নষ্ট হওয়ায় যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হচ্ছে। নষ্ট পন্টুন চালু করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, শনিবার ভোর ছয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এক হাজার ৯৭১টি যানবাহন দৌলতদিয়া দিয়ে ফেরি পার হয়েছে। এর মধ্যে শুধু ছোট গাড়ির সংখ্যা ছিল এক হাজার ৬১০টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের লাইনও দীর্ঘ হচ্ছে।
গোয়ালন্দ ইউএনও ছরোয়ার হোসেন বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে তাঁর তত্ত্বাবধানে দুটি ভ্রাম্যমাণ আদালত ঘাট এলাকায় কর্তব্য পালন করছেন।