দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জরুরি সংস্কারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দৌলতদিয়া থেকে রাজবাড়ীর বসন্তপুর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজ জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে। গত রোববার রাজবাড়ী সড়ক ও জনপদ (সওজ) বিভাগ এ কাজ শুরু করে।সড়কের ওই অংশের বেহাল দশা নিয়ে গত শনিবার প্রথম আলোয় ‘নির্ধারিত সময়ে শেষ হয়নি সংস্কার, প্রকল্পও বাতিল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল সোমবার ও আগের দিন রোববার মহাসড়কের দৌলতদিয়া ঘাট ও শহরের জামতলা এলাকায় গিয়ে দেখা গেছে, সওজের নিয়োগ করা শ্রমিকেরা কাজ করছেন। শ্রমিকেরা জানান, সড়কের যেসব স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে সেসব স্থানে পাথরের ওপরে পিচ মাটি দিয়ে সমান করার কাজ করা হচ্ছে। সওজের রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী বলেন, মহাসড়কের ১৮ কিলোমিটার অংশের বিভিন্ন স্থান দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের সংস্কারকাজের জন্য এর আগে প্রকল্পভিত্তিক দরপত্রের মাধ্যমে কাজ শুরু হলেও গত বছরের জুনে প্রকল্পটি বাতিল হয়। এরপর সংস্কারকাজ করা সম্ভব হয়নি। এদিকে দৌলতদিয়া ঘাট থেকে চার কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও বাইপাস সড়ক ১৬ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উদ্বোধন করবেন। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রীদের আগমন ও প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে মেরামতকাজ শুরু করেছে।