দৌলতদিয়া-খুলনা সড়কে সংস্কার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় ছয় কিলোমিটারের জরুরি সংস্কারকাজ ১৭ মার্চ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের রাজবাড়ী কার্যালয়ের তত্ত্বাবধানে এ কাজ চলছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে সড়কের বাংলাদেশ হ্যাচারিজ এলাকার সামনে থেকে মকবুলের দোকান পর্যন্ত ৫ দশমিক ৬ কিলোমিটার সংস্কারকাজের দরপত্র আহ্বান করা হয়। রাজবাড়ীর ঠিকাদার আসাদুজ্জামান শামীম কাজটি পান। এ কাজের জন্য ৫৮ লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। দরপত্রের শর্তানুযায়ী সড়কের এই অংশ ১২ মিলিমিটার পুরো সিলকোট (বালু ও পাথরের মিশ্রণ) দিয়ে সমান করার কথা রয়েছে। জানা যায়, জরুরি সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০১১ সালের ২২ নভেম্বর সড়কের ১৭ দশমিক ৮০ কিলোমিটার অংশ সংস্কারের জন্য খুলনার বেসিক ইউনিলিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। গত বছরের ২১ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু জুনে প্রকল্পটি বাতিল হওয়ায় আর কাজ শেষ হয়নি। এ নিয়ে গত ১২ জানুয়ারি প্রথম আলোতে ‘নির্ধারিত সময়ে শেষ হয়নি সংস্কার, প্রকল্প বাতিল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সওজ রাজবাড়ী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, নতুন দরপত্রের মাধ্যমে সড়কের প্রায় ছয় কিলোমিটার রাস্তার সংস্কারকাজ হচ্ছে।