দৌলতদিয়া ঘাট এলাকায় সড়ক মেরামত শুরু
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় গতকাল শুক্রবার সকাল থেকে সড়ক মেরামতের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ঘাট এলাকায় ১১০ মিটার অংশের খানাখন্দ ও গর্তগুলো ইট-সুরকি দিয়ে ভরাট করে রোলার দিয়ে তা সমান করা হচ্ছে।গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের দৌলতদিয়া টার্মিনালের সামনের অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ কয়েকজন শ্রমিক ইট-সুরকি দিয়ে ভরাটের পর রোলার দিয়ে তা সমান করছেন। সওজের একজন কর্মচারী কাজের তদারক করছেন।১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘তড়িঘড়ি সংস্কারকাজে ৩০ লাখ টাকা গচ্চা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।সড়ক ও জনপথ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, দৌলতদিয়া ঘাট এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১১০ মিটার অংশে শুক্রবার থেকে জরুরিভাবে বিভাগীয় মেরামতের কাজ শুরু হয়েছে। পাঁচ লাখ টাকা ব্যয়ে এ কাজে প্রায় ৩০ জন শ্রমিক বড় বড় গর্ত ও খানাখন্দ স্থানে ইট, সুরকি ও বালু ফেলে ভরাটের পর রোলার দিয়ে তা সমান করা এবং পাশে হেরিংবোনের কাজ হবে। এতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।