দৌলতদিয়া ঘাট থেকে যুবকের লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনালের পাশ থেকে গতকাল শুক্রবার দুপুরে জাকির হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় যৌনপল্লি-সংলগ্ন আকতার হোসেন ওরফে নাসির উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে দৌলতদিয়া ঘাট টার্মিনাল-সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ট্রাক বুকিং কাউন্টারের পাশে জাকিরকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে জাকিরের খালা রিজিয়া বেগম ও অন্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন জাকির মারা গেছেন। পরে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সোমনাথ বসু বেলা চারটার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় নিয়ে আসেন।
এসআই সোমনাথ বসু জানান, জাকিরের শরীরে কোথাও কোনো আঘাত বা অন্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন ও পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি অতিমাত্রায় নেশা করতেন। সম্ভবত তিনি হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সেই মস্তকবিহীন লাশের পরিচয় মিলেছে: গোপালগঞ্জে গত বুধবার সকালে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় নিহত ব্যক্তির পরনের পোশাক ও পায়ের জুতা দেখে তাঁকে শনাক্ত করেন তাঁর ভাই মিজানুর রহমান ও ফুফাতো ভাই বাবু খান।
নিহত ব্যক্তির নাম চান মিয়া (৩৮)। তিনি একজন বাসচালক এবং তাঁর নিজের মালিকানাধীন দুটি বাসও রয়েছে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চক নারায়ণপুর গ্রামের জয়নাল আবদিনের ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
বাবু খান বলেন, চান মিয়া ৫ মার্চ ময়মনসিংহ থেকে বাসে খুলনা বেড়াতে আসেন। ৭ মার্চ দুপুরে তিনি (চান মিয়া) তাঁকে ফোন করে একটি পুরোনো ট্রাক কেনার জন্য দুই লাখ টাকা পাঠাতে বলেন। তিনি বেলা আড়াইটার মধ্যে এসএ পরিবহনে টাকা পাঠিয়ে দেন। চান মিয়া সেই টাকা খুলনার হাদিস পার্ক এলাকার এসএ পরিবহনের অফিস থেকে গ্রহণ করেন। এর ১০ মিনিট পর থেকে চান মিয়ার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ৮ মার্চ এ ব্যাপারে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।