দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরির জন্য অপেক্ষমাণ যানবাহন থেকে দালাল ও পুলিশের বিরুদ্ধে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ফেরির জন্য প্রায় ৩০০ যানবাহন ঘাটে অপেক্ষা করছে। এ সময় ট্রাকচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাটে দালালের মাধ্যমে টিকিট কাটতে গিয়ে নির্ধারিত ৯৬০ টাকার স্থলে প্রায় ১২০০ টাকা খরচ করতে হচ্ছে। এ ছাড়া পুলিশকে ১০০-১৫০ এবং পাহারাদারকে ২০ টাকা করে অতিরিক্ত দিতে হয়।ফরিদপুরের নগরকান্দা থেকে সুতলি (চিকন রশি) বোঝাই করে বৃহস্পতিবার রাতে ঘাটে পৌঁছান ট্রাকচালক মো. বাবলু শেখ (৪০)। তিনি বলেন, ‘শুক্রবার সকালে কাউন্টারে টিকিট কাটতে গেলে গ্রিলের ভেতর খাকি পোশাক পরা এক ব্যক্তিকে টিকিট দিতে বলি। তিনি বলেন, “এভাবে টিকিট পাবেন না। ওই যে বাইরে লোক আছে, তাদের মাধ্যমে টিকিট কাটেন।” বাইরের ওই লোককে টিকিটের কথা বলতেই তিনি ১৩০০ টাকা চাইলেন। দর-কষাকষি করার পর আমি ১১৫০ টাকা দিই। তিনি আমাকে ৯৬০ টাকার রসিদ এনে দেন। এরপর টার্মিনালে এক ব্যক্তি এসে বলেন, “পাহারাদারের ৪০ টাকা দেন।” কিসের পাহারাদার জিজ্ঞাসা করলে তিনি বলেন, “গাড়ি পাহারা দিয়েছি, টাকা দেন।” বাড়াবাড়ি করেও কোনো ছাড় না পাওয়ায় দিতে বাধ্য হই। আর একটু এগোলে সড়কে সিরিয়াল দিতে গেলে কর্তব্যরত তিনজন ট্রাফিক পুলিশ ২০০ টাকা দাবি করেন। নইলে গাড়ি পাশে সরিয়ে রাখতে হবে বলে তাঁরা জানান। পরে দেড় শ টাকা দিয়ে সিরিয়াল পাই। সেখান থেকে মাত্র ১০০ গজ দূরে লঞ্চঘাটের সামনে যাওয়ামাত্র আরেক পুলিশ কনস্টেবল ২০ টাকা চান, তাঁকে ওই টাকা দেওয়ার পর ফেরিঘাটে পৌঁছি।’ আরেক ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, ‘যশোরের বেনাপোল থেকে তুলা বোঝাই করে গাজীপুরের কোনাবাড়ি যাওয়ার জন্য বুধবার রাতে ঘাটে পৌঁছি। দালাল ছাড়া টিকিট কাটতে না পেরে বাধ্য হয়ে এক দিন পর শুক্রবার সকালে দালালের মাধ্যমে ৯৬০টাকার পরিবর্তে এক হাজার ৩০০ টাকা দিয়ে টিকিট কাটি। এ ছাড়া টার্মিনাল চার্জ ৪০ টাকা, পাহারাদার ২০ টাকা ও সিরিয়াল দিতে পুলিশকে ৯০ টাকা দিতে হয়েছে। প্রায় একই ধরনের অভিযোগ করেন চালক আলমগীর হোসেন, সায়েব আলীসহ কয়েকজন। এ সময় বুকিং কাউন্টারে উপস্থিত বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, কাউন্টার থেকে বেশি টাকা নেওয়ার সুযোগ নেই।নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, নির্ধারিত টাকায় টিকিট দিতে গিয়ে এর আগে দালালদের হাতে বেশ কয়েকজন কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। দালাল চক্র এতই প্রভাবশালী যে এ পর্যন্ত তাদের কোনো শাস্তিই হয়নি। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আমার কাছে আসেনি। তার পরও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি পার হতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় এবং কয়েক দিন ফেরি সমস্যার কারণে ঘাটে যানবাহনের চাপ পড়েছে। তবে কাউন্টারে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিয়ে আমার কাছে কেউ অভিযোগ করেননি।’