দৌলতদিয়া ঘাটে অপহরণ চুরি ছিনতাই বেড়েছে
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট ও বাসটার্মিনালে ছিনতাই, অপহরণ, চুরিসহ নানা অপরাধ বেড়ে গেছে। বেশির ভাগ ক্ষেত্রেই যাত্রীরা ছিনতাইকারীর কবলে পড়ে টাকা ও মূল্যবান জিনিস খোয়াচ্ছেন। স্থানীয় কয়েকজন ঘাটশ্রমিক ও সন্ত্রাসীদের নেতৃত্বে এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা শিশু ও কিশোরদের দিয়ে এসব কাজ করাচ্ছে। এগুলো বন্ধে পুলিশ ও ঘাট প্রশাসন যথাযথ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন লঞ্চঘাট, টার্মিনাল, ক্যানেলঘাট ও দৌলতদিয়া যৌনপল্লির পুড়াভিটা এলাকায় ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। দৌলতদিয়া টার্মিনালে কোনো বাস থেকে নামার পরই চার-পাঁচজন একজন যাত্রীকে ঘিরে ফেলে। এদের মধ্যে একজন লাগেজ বহনের জন্য টানাটানি শুরু করে এবং বাকিরা যাত্রীদের পকেট থেকে মানিব্যাগ, মুঠোফোনের সেট কেড়ে নিয়ে চম্পট দেয়। এ ছাড়া লঞ্চ বা ফেরি থেকে নামার পর যাত্রীদের ভুলপথে নিয়ে অপহরণের পর সবকিছু কেড়ে নেওয়া হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ট্রাস্ট ব্যাংকের মানিকগঞ্জ শাখার জুনিয়র কর্মকর্তা জাহিদুল হোসেন কুষ্টিয়ার ভেড়ামারায় যাওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে আসেন। রেলস্টেশনে যাওয়ার কথা বলে রিকশায় উঠলে চালক স্টেশনে না নিয়ে তাঁকে পুড়াভিটায় নিয়ে যায়। সেখানে ছিনতাইকারীরা আটকে রেখে তাঁর টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। পরের দিন পুলিশ ও র্যাব তাঁকে উদ্ধার করে।গত ১৭ জানুয়ারি ঢাকার চকবাজার এলাকার স্কুলশিক্ষক রেজাউল রহমানকে অপহরণের পর ১০ লাখ টাকা দাবি করে দৌলতদিয়া এলাকার একটি চক্র। পরে মুঠোফোনের কললিস্ট ধরে ঘাট থেকে একটু দূরের একটি স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। ৬ জানুয়ারি রাতে পুড়াভিটা এলাকায় ছিনতাইকারীরা নিজাম মোল্যা নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ২১ হাজার টাকা ও একটি মুঠোফোনের সেট নিয়ে নেয়।গত রোববার দুপুরে দৌলতদিয়া টার্মিনালে আসার পর এক যাত্রীর মুঠোফোনের সেট ও তিন হাজার টাকা খোয়া যায়। কিছুক্ষণ পর আরেক মহিলা যাত্রীর মুঠোফোনের সেট নিয়ে দৌড়ে পালায় কয়েকজন ছিনতাইকারী। বিকাশ পরিবহনের চালক ফরহাদ মোল্যা বলেন, প্রতিদিন যাত্রীদের টাকা ও ব্যাগ ছিনিয়ে নিচ্ছে শ্রমিক নামধারী ছিনতাইকারী ও পকেটমাররা। মাঝেমধ্যে ধরে পুলিশে দিলেও আবার বের হয়ে তারা একই অপরাধে জড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভণ্ড, লম্বু, বড়লম্বু, কালুসহ ১০-১২ জন বাসটার্মিনাল এলাকায়; আমজাদ, ফিরোজ, রাকিব, জীবন, এরশাদসহ ৮-১০ জন ঘাট এলাকায় এবং জুলহাস, মাসুদ, লিটন, রেজাউল, মিলনসহ ১০-১২ জন পুড়াভিটা এলাকায় এসব ঘটনার নেতৃত্ব দেয়। চুরি, ছিনতাই ও অপহরণের ঘটনার নেতৃত্বে আছেন বলে অভিযোগ ওঠা এসব লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। লঞ্চমালিক সমিতির ঘাট তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, প্রতিদিন দু-তিনটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাঝেমধ্যে অপহরণের ঘটনা ঘটে। বয়স্ক কিছু শ্রমিকের নেতৃত্বে শিশু ও কিশোররা এসব কাজ করছে। দৌলতদিয়া নৌফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘দুইদিন আগে আমি যোগদান করেছি। আমার প্রথম কাজ হবে ঘাট এসব ছিনতাইকারী ও পকেটমারমুক্ত করা গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া গত দেড় মাসে ছিনতাই ও অপহরণের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব ঘটনায় তিনটি মামলা হয়েছে।