দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে দেড় শতাধিক যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুই দিনের হরতালের কবলে পড়ে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী দেড় শতাধিক ট্রাকসহ অন্যান্য গাড়ি আটকে ছিল। সারা দিনে তেমন কোনো যান নদী পাড়ি না দিলেও জরুরি অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি এলে তা নিয়েই ফেরি ছেড়ে যায়।ঘাট এলাকায় গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, টার্মিনালে পণ্যবাহী প্রায় অর্ধশত ট্রাক ও কিছু কাভার্ড ভ্যান হরতাল ছাড়ার অপেক্ষায় রয়েছে। সকালে পাটুরিয়া থেকে নদী পাড়ি দিয়ে যশোরের উদ্দেশে আসা ট্রাকচালক হাফিজুল ইসলাম এ সময় বলেন, ‘সোমবার ভোরের দিকে পাটুরিয়ায় এসে হরতালে আটকা পড়ি। নদী পাড়ি না দিয়ে কাল সারা দিন ঘাটেই বসে ছিলাম। দুপুর গড়িয়ে গেলেও কোনো চালকই গাড়ি ছাড়তে সাহস পাচ্ছে না।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, হরতালের কারণে টার্মিনাল ও ঘাট এলাকার মহাসড়কে পণ্যবাহী দুই শতাধিক ট্রাকসহ বিভিন্ন গাড়ি আটকে ছিল। এই মুহূর্তে সাতটি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চালু থাকলেও জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স বা লাশবাহী গাড়ি ছাড়া ফেরি ছাড়েনি। তবে এখনো প্রায় দেড় শ গাড়ি টার্মিনাল ও মহাসড়কে লাইন দিয়ে রয়েছে।বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, হরতালের সময় পাটুরিয়ায় সোমবার কিছু গাড়ি আটকে থাকলেও রাতে চলে যাওয়ায় এখন আর তেমন গাড়ি নেই।