দৌলতদিয়া ঘাটে আবার ট্রাকজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবার ট্রাকের জট লেগেছে। ফেরি সংকটের কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিআইডব্লিউটিসির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এ সুযোগে স্থানীয় একটি চক্র সিরিয়াল পাইয়ে দেওয়ার কথা বলে ট্রাকচালকদের কাছে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করছে। দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে ঘাট এলাকায় ট্রাকের জট লাগতে শুরু করে। শনিবার সকাল ১০টায় ঘাটে গিয়ে দেখা যায়, ট্রাক টার্মিনালের ইয়ার্ডে ট্রাকসহ অন্যান্য গাড়ি দাঁড়িয়ে আছে। এ ছাড়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে আশা সুপার মার্কেটের সম্মুখ পর্যন্ত ট্রাক ও অন্যান্য গাড়ির পৃথক দুটি সারি দেখা যায়। ওই দিনই আশা সুপার মার্কেটের পর থেকে তেলের পাম্প পর্যন্ত শুধু ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। গতকাল রোববারও ঘাট এলাকায় আড়াই শ ট্রাক ছিল। এসব ট্রাক কয়েক দিন ধরে ঘাট এলাকায় নদী পারাপারের জন্য অপেক্ষা করছে।চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা একটি ট্রাকের চালক বিপুল হোসেন জানান, তিনি বুধবার রাতে দৌলতদিয়ার টার্মিনালে প্রবেশ করেন। এক দিন পর স্থানীয় দালাল কালামের মাধ্যমে ৯৬০ টাকার পরিবর্তে ১ হাজার ৬০০ টাকা দিয়ে টিকিট কেনেন। এর আগে বুধবার ভোরে গোয়ালন্দ মোড়ে পৌঁছানোর পর পুলিশ বাধা দিলে সেখানে সারা দিন অপেক্ষা করতে হয়। বিআইডব্লিউটিসির টার্মিনাল তত্ত্বাবধায়ক মফিজুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে ফেরির সংখ্যা কম থাকায় গাড়ির চাপ বেড়ে যায়। ঘাটে গাড়ির চাপ কমাতেই গোয়ালন্দ মোড় থেকে পুলিশের সহায়তায় সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রাখতে বলা হয়েছে।