দৌলতদিয়া ঘাটে গাড়ির চাপ মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা থেকে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছিলেন পোশাক ব্যবসায়ী আবুল হোসেন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে তিনি জানান, গ্রামের বাড়িতে ঈদ শেষ করে আগামীকাল (আজ মঙ্গলবার) তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে হবে। যানজটের ভয়ে ‘লঞ্চ পারাপার’ বাসে ওঠে ঘাটে আসেন তিনি। তাঁর মতো এ রকম অনেক মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে ছুটে চলেছে।দৌলতদিয়া ঘাটে গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেখা যায়, ঘাট থেকে টার্মিনালের বুকিং কাউন্টার পর্যন্ত যানবাহনের লম্বা সারি। তবে ‘ফেরি পারাপার’ গাড়ির চেয়ে ‘লঞ্চ পারাপার’ গাড়িতে করে ঘাটে পৌঁছাচ্ছে প্রচুর মানুষ। লঞ্চঘাটের সেতুর এক প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত কোথাও তিল ধারণের ঠাঁই নেই।লঞ্চঘাটের সুপারভাইজার নুরুল আলম বলেন, শনিবার বিকেল থেকে ঘাটে মানুষের চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই যাত্রীদের চাপ বাড়ছে। অনেকে ট্রলারে নদী পার হচ্ছে। এ চাপ সপ্তাহজুড়েই থাকবে বলে তিনি জানান।টানা ১০ দিন পর রোববার থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রাকগুলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবার চলাচল শুরু করেছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, শনিবার বিকেল থেকে কর্মস্থলমুখী মানুষের কারণে ঘাটে গাড়ির চাপ বাড়ছে। তবে এ চাপ দিনের শেষ বেলা থেকে শুরু করে পরদিন ভোর পর্যন্ত থাকছে। রোববার মধ্যরাতে আসা নৈশকোচগুলো পরদিন সোমবার সকাল সাতটা পর্যন্ত পার করা হয়েছে।