দৌলতদিয়া ঘাটে চরম দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের দুরবস্থা কাটছে না। চারটি ঘাটের মধ্যে কোনোটি চালু হয় তো ভাঙনের কারণে অন্য একটি বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলছে অনেক দিন ধরে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
২ ও ৪ নম্বর ঘাট বন্ধ ছিল দুই দিন ধরে। এর মধ্যে ৪ নম্বর ঘাট গতকাল মঙ্গলবার চালু করা হয়। তবে সকালে বন্ধ হয়ে যায় ৩ নম্বর ঘাট। আর ১ নম্বর ঘাট সচল থাকলেও সংলগ্ন রাস্তা ভালো না হওয়ায় গাড়ি ফেরিতে ওঠানামা করতে সময় লাগছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, পদ্মা নদীতে তীব্র স্রোত ও ব্যাপক ভাঙন অব্যাহত থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ৩ নম্বর ঘাটের র্যা মের নিচে সংযোগ সড়কের প্রায় ৩০ ফুট দেবে যায়। স্রোতের কবল থেকে বাঁচাতে র্যা ম ও পন্টুন দুটি র্যা কার দিয়ে উঁচু করার কাজ শুরু হয়েছে। ২ নম্বর ঘাটটি এখনো চালু করা যায়নি। গতকাল সারা দিন ব্যাপক বৃষ্টি হওয়ায় ১ নম্বর ঘাট দিয়ে ফেরি থেকে গাড়িগুলো সড়কে উঠতে অনেকটা সময় নেয়। এই ঘাট দিয়ে সীমিত আকারে ফেরিতে গাড়ি ওঠানামা করছে।
সূত্র জানায়, সোমবার সকালে ৪ নম্বর ঘাট বন্ধ হয়। মেরামতকাজ সম্পন্ন হওয়ার আগেই তড়িঘড়ি করে গভীর রাতে তা চালু করা হয়। চলতি বর্ষা মৌসুমে ঘাট এলাকার এমন বিপর্যয়ের আশঙ্কা করে অনেক আগে থেকেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি), জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা বিআইডব্লিউটিএকে বারবার তাগিদ দিয়ে চিঠি দেয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বহুবার সংবাদও প্রকাশিত হয়েছে। কিন্তু টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। বর্ষার শুরুতে ভাঙন দেখা দিলে বিআইডব্লিউটিএ সংস্কারের নামে ঘাটে কোনো পরিকল্পনা ছাড়াই বাঁশ-খুঁটি ও বালুর বস্তা ফেলে, যা কয়েক দিন পরই নদীতে ভেসে যায়। এই বাঁশ ও খুঁটি গাড়ার নামে দেড় কোটি টাকার বেশি খরচ হয়।
বিআইডব্লিউটিসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সময়মতো উদ্যোগ না নেওয়ায় এখন এই ভাঙা-গড়ার খেলা শুরু হয়েছে। ঠিক সময়ে গুরুত্ব দিলে আজ এ পরিস্থিতির সৃষ্টি হতো না।
গতকাল বিকেলে দেখা যায়, ১ নম্বর ঘাট দিয়ে ফেরি থেকে গাড়িগুলো নামার পর সড়কে উঠতে অনেক সময় লাগছে। রাস্তা পিচ্ছিল হওয়ায় সহজে কোনো গাড়ি সড়কে দাঁড়াতে পারছে না। ২ ও ৩ নম্বর ঘাট চালু করতে কর্তৃপক্ষ কাজ করছে। ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে। ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত দুই সারিতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, পশুবাহী গাড়িসহ কয়েক শ গাড়ি আটকে আছে। ক্যানাল ঘাটের পর থেকে চার লেন সড়কের শেষ মাথা পর্যন্ত আরও এক সারিতে বিভিন্ন গাড়ি আটকে আছে। এ সময় অনেক চালক ও যাত্রী এই প্রতিবেদকের কাছে ঘাটের সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামদ্দিন পাঠান বলেন, বর্ষা মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত ১ নম্বর ঘাটের প্রায় ৫০০ ফুট অংশ বিলীন হয়েছে। অন্যান্য ঘাটেও গড়ে প্রায় ৩৫০ ফুট করে ভেঙে গেছে। যথাসময়ে ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত মার্চ থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বল্লি পাইলিং, জিও ব্যাগ ফেলাসহ অন্যান্য কাজ করা হয়। এ বাবদ ইতিমধ্যে দেড় কোটি টাকার উপর খরচ হয়েছে। ২ নম্বর ঘাটটি বুধবার বিকেল নাগাদ ও ৩ নম্বর ঘাটটি বৃহস্পতিবারের আগে চালু করা সম্ভব নয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘাট সংকটের কারণে সব ফেরি চালানো যাচ্ছে না। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি।