দৌলতদিয়া ঘাটে ছিনতাইকারী চক্র সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়েছে। প্রায় প্রতি রাতেই ঘাটে নদী পারের অপেক্ষায় থাকা পরিবহনশ্রমিক ও যাত্রীরা ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন। গোয়ালন্দ ঘাট ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এ কে ট্রাভেলস পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ে। এ সময় বাসের সুপারভাইজার আজাদ মোড়ল বাস থেকে নামলে ওত পেতে থাকা ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুটি মুঠোফোন সেট, পাঁচ হাজার টাকা ও মূল্যবান কিছু জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। ১৬ এপ্রিল রাতে সাকুরা পরিবহনের এবং ১০ এপ্রিল রাতে সাতক্ষীরা এক্সপ্রেসের সুপারভাইজারকে একই এলাকায় ছিনতাইকারীরা কুপিয়ে জখম করে টাকা, মুঠোফোন সেট ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ইতিপূর্বে ছিনতাইকারী চক্রের অনেক সদস্যকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। কিন্তু জামিনে বেরিয়ে এসে তারা আবার ছিনতাইয়ে নেমেছে। দ্রুত অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে। ছিনতাইয়ের ঘটনায় কর্তব্যরত পুলিশের কিছু গাফিলতি থাকতেও পারে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।