দৌলতদিয়া ঘাটে ট্রাকচাপায় নিহত ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ট্রাকচাপায় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে পুলিশের ভাষ্য।
স্থানীয় লোকজনের সহযোগিতায় সংশ্লিষ্ট ট্রাক ও চালককে আটক করেছে নৌফাঁড়ি পুলিশ। ট্রাকচালকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
দৌলতদিয়া নৌফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল হক বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নৌফাঁড়ি পুলিশের ভাষ্য, ভোরে দৌলতদিয়া তিন নম্বর ঘাটে রোরো ফেরি শাহ জালাল এসে পৌঁছায়। র্যাম খুলে দিলে রড-বোঝাই একটি ট্রাক ফেরি থেকে নেমে যায়। এ সময় ফেরিতে থাকা অজ্ঞাত ওই ব্যক্তি ট্রাকচাপায় ঘটনাস্থলে নিহত হন। পরে ট্রাক ও এর চালক সাহেব আলী গাজীকে (২৬) আটক করা হয়।