দৌলতদিয়া ঘাটে দালালের হামলায় কর্মকর্তা লাঞ্ছিত
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে নিয়োজিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের এক কর্মকর্তা গত শুক্রবার সন্ধ্যায় দালালের হাতে লাঞ্ছিত হয়েছেন। চাহিদামতো সুবিধা না দেওয়ায় তাঁকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত এক বছরে দালালদের হাতে অন্তত ছয় কর্মকর্তা হামলার শিকার হলেন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আমিনুল ইসলাম ২ নম্বর ফেরি ঘাটে দায়িত্ব পালন করছিলেন। ঘাটে কোনো ফেরি না থাকায় যানবাহনগুলোকে তিনি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখেন। এ সময় দৌলতদিয়া ইউনিয়নের বেপারীপাড়ার পুরাতন গ্রামের দিলবার সরদার অবৈধভাবে চারটি ট্রাক পন্টুনে নামানোর চেষ্টা করেন। এতে বাধা দিলে দিলবার তাঁকে মারধর করেন। মো. আমিনুল ইসলাম অভিযোগ করেন, দিলবার সিরিয়াল ভঙ্গ করে আগে ফেরিতে ওঠার জন্য অবৈধভাবে কয়েক গুণ টাকা নিয়ে চারটি ট্রাক পন্টুনে নামিয়ে দেন।এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বলেন, এভাবে একের পর এক কর্মকর্তা মারধরের শিকার হলে কীভাবে এখানে চাকরি করা সম্ভব। দালালেরা এতই প্রভাবশালী যে, তাঁদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, কিছু কিছু দালাল এতই প্রভাবশালী যে তাঁদের হিসাব-নিকাশ করে ধরতে হয়।’