দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক গাড়ি আটকা
আবার অবরোধের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল শনিবার দুই শতাধিক পণ্যবাহী গাড়ি আটকে ছিল। পিকেটাররা হামলা চালাতে পারে এই আশঙ্কায় চালকেরা নদী পার হয়ে আসার পরও গাড়ি ছাড়ছেন না। এদিকে গত সপ্তাহে টানা ছয় দিনের অবরোধে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট থেকে সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে টানা ছয় দিনের অবরোধের পর গত শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে শত শত গাড়ি দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে আসতে থাকে। সারা দিন ও রাতভর দূরপাল্লার যাত্রীবাহী বাস, পচনশীল সামগ্রীবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি পার হলেও অনেক গাড়ি যথাসময়ে নদী পার হতে পারেনি। গতকাল আবার অবরোধ শুরু হওয়ায় পাটুরিয়া থেকে আসা পণ্যবাহী গাড়িগুলো দৌলতদিয়া ঘাটে আটকে থাকে।
গাজীপুর থেকে মুরগির খাদ্যসামগ্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ট্রাকচালক মজনু শেখ জানান, শুক্রবার বিকেলে পাটুরিয়ায় পৌঁছালেও রাতে সুযোগ না পাওয়ায় নদী পার হতে পারেননি।
গতকাল দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, টার্মিনাল, ফেরিঘাট সড়ক ছাড়িয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অন্যান্য গাড়ি আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ও আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, গত সপ্তাহে টানা ছয় দিনের অবরোধের কারণে প্রতিদিন বিআইডব্লিউটিসির প্রতিটি ঘাট থেকে ২২ থেকে ২৫ লাখ টাকার রাজস্ব কম আয় হয়েছে। ফলে ছয় দিনে দুই ঘাট মিলে প্রায় তিন কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে। তিনি আরও জানান, গত শুক্রবার শুধু দৌলতদিয়া ঘাট থেকেই ২৬ লাখ ৮২ হাজার টাকার রাজস্ব আয় হয়। পাটুরিয়া ঘাট থেকেও একই পরিমাণ রাজস্ব আয় হয়। অথচ শনিবার) অবরোধের কারণে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত দৌলতদিয়া ঘাটে মাত্র দেড় লাখ টাকার রাজস্ব আয় হয়েছে।