দৌলতদিয়া ঘাটে ফের যানজট
কয়েক দিন ধরে ফেরি ও ঘাটসংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানজট হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় বাসযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কয়েক শ গাড়ি ফেরি পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছিল। বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদুল ফিতরের আগে নয়টি রো রো ও একটি মাঝারি আকারের ফেরি চলাচল করছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা সমস্যার কারণে কয়েক দিন ধরে এ পথে মাত্র সাতটি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম বলেন, এ রকম কয়েকটি বাস সিরিয়াল না মানায় তাদের টার্মিনালে ঢুকিয়ে রাখা হয়। অথচ পরে আসা অনেক নৈশকোচ সকাল আটটার আগেই পার হয়েছে। বর্তমানে ফেরি কম থাকায় গাড়িগুলো দীর্ঘক্ষণ ঘাটে আটকে থাকছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভীর হোসেন জানান, সমস্যা সমাধানের জন্য মাওয়া থেকে কেরামত আলী নামের একটি ফেরি এ পথে আনা হচ্ছে। এটি গতকাল বিকেলের মধ্যে এখানে পৌঁছানোর কথা।