দৌলতদিয়া ঘাটে ব্যক্তিগত গাড়ির চাপ
প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ তাঁদের রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে নিজের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। শুক্রবার পড়ন্ত বেলায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ছোট বা ব্যক্তিগত গাড়ির চাপ পড়তে শুরু করে। সন্ধ্যার পর পর্যন্ত গাড়ির লাইন এবং মানুষের ভিড় বাড়া অব্যাহত ছিল। তবে গাড়ি ও মানুষের মূল স্রোত শনিবার থেকে শুরুর কথা জানান ঘাট–সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাট–সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেলের আগ পর্যন্ত দৌলতদিয়া ঘাটে গাড়ির তেমন কোনো লাইন বা যাত্রীর চাপ ছিল না। কিন্তু বেলা শেষে ছোট বা ব্যক্তিগত গাড়ির লাইন লম্বা হতে থাকে। ছোট বা ব্যক্তিগত গাড়ি যাতে সহজে ফেরিতে উঠতে পারে, সে জন্য ৫ ও ৬ নম্বর ঘাট দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা করে রেখেছে কর্তৃপক্ষ। সন্ধ্যার পর পর্যন্ত ৫ ও ৬ নম্বর ঘাটের জিরো পয়েন্ট থেকে বিকল্প সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে ব্যক্তিগত গাড়ির লাইন লম্বা হতে থাকে। সেই সঙ্গে মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের লাইনও দীর্ঘ হতে থাকে। লঞ্চঘাট দিয়েও যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।
ঘাট–সংশ্লিষ্ট কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী জানান, গতকাল দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় তেমন গাড়ির লাইন দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ঘাটে এসে সহজে ফেরিতে উঠছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে গাড়ির সারি লম্বা হতে থাকে। সন্ধ্যা পর্যন্ত ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার লম্বা ক্যানালঘাট মডেল হাইস্কুল পর্যন্ত পরিবহনের লাইন হয়। সন্ধ্যার পর পরিবহনের লাইন আরও দীর্ঘ হয় বলে তাঁরা জানান।
লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট শাখার তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার জানান, সারা দিন যাত্রীদের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। কিন্তু সন্ধ্যার আগমুহূর্ত থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকে। শনিবার থেকে অনেকেরই কর্মদিবস শুরু হবে। এ কারণে তাঁরা শুক্রবারই রাজধানীর দিকে ছুটতে শুরু করেছেন। তবে রোববার থেকে সব সরকারি অফিস খোলা থাকায় শনিবার থেকে যাত্রীর চাপ অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করলেও ঈদের আগের দিন এই নৌপথ থেকে ‘শাহ পরান’ নামের একটি রোরো (বড়) ফেরি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ১০টি বড় ফেরিসহ মোট ১৯টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে বড় একটি ফেরি কমে যাওয়ায় কিছুটা স্বল্পতা দেখা দিয়েছে। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে এক-দুটি ফেরি বসে থাকতে পারে। তিনি আরও জানান, ঈদ শেষে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে হঠাৎ ছোট গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে কিছু যাত্রীবাহী বাসও নদী পারের জন্য ঘাটে এসে পৌঁছেছে। মূলত গাড়ি এবং যাত্রীদের স্রোত নামবে শনিবার থেকে।