দৌলতদিয়া ঘাটে মিয়ানমারের ইলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পলিথিনে ভর্তি কোল্ডস্টোরের ইলিশ মাছ প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রক্রিয়াজাতকারীরা স্বীকার করেছেন, এগুলোই পদ্মার ইলিশ হিসেবে দৌলতদিয়ায় বিক্রি হবে। ছবি: প্রথম আলো
পলিথিনে ভর্তি কোল্ডস্টোরের ইলিশ মাছ প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রক্রিয়াজাতকারীরা স্বীকার করেছেন, এগুলোই পদ্মার ইলিশ হিসেবে দৌলতদিয়ায় বিক্রি হবে। ছবি: প্রথম আলো

শুষ্ক মৌসুমে নদীতে সহজে মাছের দেখা মেলে না। কিন্তু গোয়ালন্দের রাজবাড়ী উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে হরহামেশাই পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। একেকটি ইলিশের ওজন প্রায় ৫০০ থেকে ৬০০ গ্রাম। দেড় হালি (ছয়টি) ইলিশ দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী স্বীকার করেছেন, এসব ইলিশ দৌলতদিয়ার পদ্মা নদী কিংবা বরিশাল এলাকারও নয়। এসবই আসছে মিয়ানমার থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, কোল্ডস্টোরে রাখা এসব ইলিশ মাছ মিয়ানমার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের ব্যবসায়ীরা সেখান থেকে কিনে এনে ইলিশ মাছ আড়ত ঘরে রাখে। সেখানে দু-এক দিন রাখার পরে প্রক্রিয়াজাত করে মাছগুলোকে চকচকে করা হয়। পরে এগুলো পদ্মার ইলিশ বলে ঘাট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের কাছে বিক্রি করা হয়। ফেরিঘাট থেকে কিছুটা দূরে দুটি ছাপরা ঘরে দেখা গেল, কয়েকজন যুবক বাক্স থেকে পলিথিনে ভর্তি ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বের করছেন। সেগুলো মাটির ওপর চটে সাজিয়ে রাখা হচ্ছে। পরে তার ওপর বরফ ও লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে। আগের দিন বরফ দিয়ে রাখা মাছ বের করে পানি দিয়ে ধোয়া হচ্ছে। ফলে চকচকে মাছ দেখতে পদ্মার রুপালি ইলিশের মতোই মনে হচ্ছিল।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবক প্রথম আলোকে জানান, ‘৫০০ গ্রাম ওজনের পদ্মার ইলিশ নদী থেকেই প্রায় এক হাজার টাকা দিয়ে কিনতে হয়। ৮০০ গ্রাম বা এক কেজি ওজনের হলে ন্যূনতম দেড় হাজার টাকায় কিনতে হবে। তাহলে বিক্রি করব কত করে? তা ছাড়া সারা দিন নদীতে ঘুরে পাওয়ায় যাচ্ছে সর্বোচ্চ ৮০ থেকে ১০০ পিস। অথচ ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের এসব ইলিশ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে কেনা যায়। আর ৭০০ থেকে ৮০০ গ্রাম বা এক কেজি ওজনের ইলিশের দাম ৫০ থেকে ১০০ টাকা করে বেশি দরে কিনতে হয়। সে ক্ষেত্রে মিয়ানমার থেকে ইলিশ এনে বিক্রি করলে সস্তা পড়ে।’

কোল্ডস্টোরের ইলিশ পানি ও লবণ দিয়ে ধুয়ে বরফজাত করা হচ্ছে। ছবি: প্রথম আলো
কোল্ডস্টোরের ইলিশ পানি ও লবণ দিয়ে ধুয়ে বরফজাত করা হচ্ছে। ছবি: প্রথম আলো

স্থানীয় মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেছেন, দু-তিন বছর আগেও প্রতিদিন ন্যূনতম দুই থেকে তিন মণ করে পদ্মার ইলিশ ঘাট এলাকায় উঠত। কিন্তু এখন সারা দিন ১০ থেকে ১৫ কেজির ওপর পাওয়া যায় না। কিছু পাওয়া গেলেও তা অনেকেই নদী থেকে কিনে নেয়। বিক্রেতার সংখ্যাও বেড়েছে অনেক। তাই বাজারে যা একটু পাওয়া যায় তা অনেক চড়া দামে কিনতে হয়। অথচ একশ্রেণীর ব্যবসায়ী মিয়ানমার থেকে কোল্ডস্টোরের ইলিশ মাছ সস্তা দামে ঢাকা থেকে কিনে এনে প্রক্রিয়াজাত করে পদ্মার ইলিশ বলে চড়া দামে বিক্রি করছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন।
আজ রোববার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গিয়ে চোখে পড়েছে ক্রেতাদের ভিড়। ফরিদপুরের অম্বিকাপুর এলাকার ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেছেন, ‘বোন পদ্মার ইলিশ কিনতে বলেছে। তাই বাজারে না গিয়ে ফেরিঘাটে এলাম। কিন্তু অবাক বিষয়, বাজারের তুলনায় ঘাটে মাছের দাম অনেকটাই কম। ৫০০ গ্রাম ওজনের ছয়টি ইলিশের দাম দুই হাজার ২০০ টাকা চাইল। পরে এক এক হাজার ৬০০ টাকায় কিনলাম। অথচ বাজার থেকে এই সাইজের পদ্মার ইলিশ কিনতে হলে কমপক্ষে দেড় হাজার টাকা লাগত। আর যদি ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের হয় তাহলে গুনতে হবে কমপক্ষে দুই থেকে আড়াই হাজার টাকা।’
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মত্স্য কর্মকর্তা এস এম লুত্ফর রহমান বলেছেন, ‘এ ধরনের প্রতারণার অভিযোগ আমরাও শুনেছি। কিন্তু এটি তো আমাদের নয়, পুলিশ প্রশাসনের দেখার বিষয়।’