দৌলতদিয়া ঘাটে যানজট
ফেরির সংকট ও ঘাট-সমস্যার কারণে দৌলতদিয়া ঘাটে দুই দিন ধরে যানজট রয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত ঘাটে দুই শতাধিক যানবাহন আটকে ছিল।গত মঙ্গলবার দুপুরে ঘাটে গিয়ে দেখা গেছে, নদীতে পানি কমে যাওয়ায় ১ নম্বর ইউলিটি টাইপ ফেরির জন্য নির্মিত ঘাটের পন্টুন নিচে নামানোর কাজ চলছে। সংশ্লিষ্ট শ্রমিকেরা জানান, কাজ শেষ হতে আরও তিন দিন লাগতে পারে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, এই পথে নয়টি রো রো, দুটি ইউলিটি ও একটি কে-টাইপ ফেরি চলাচল করলেও গত শনিবার সন্ধ্যার পর থেকে ইঞ্জিনে ত্রুটির কারণে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে কে-টাইপ ফেরি ‘কপোতি’কে ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে রো রো ফেরি ‘আমানত শাহ’ বন্ধ রাখা হয়। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান’ বন্ধ রাখা হয়। তবে বন্ধ থাকা ওই তিনটি ফেরি সোমবার রাত ১০টার পর থেকে একই সঙ্গে চালু হয়। এ ছাড়া মঙ্গলবার ভোর থেকে চারটি ঘাটের মধ্যে ইউলিটি ফেরির জন্য নির্মিত ঘাটটি বন্ধ রাখতে হয়েছে। এসব কারণে সোমবার বিকেল থেকে ঘাটে যানজট অব্যাহত রয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, গাড়ির চাপ এখনো রয়েছে। এ ছাড়া ঘাট-সমস্যার কারণে ইউলিটি ফেরি দুটি বন্ধ রাখতে হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে অথবা শুক্রবার সকাল থেকে ঘাটটি চালু হবে।