দৌলতদিয়া ঘাটে সিসি ক্যামেরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জেলা পুলিশের উদ্যোগে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি) বসানো হয়েছে। ঈদুল ফিতর সামনে রেখে ঘাটে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ও দালালমুক্ত রাখতেই পুলিশের এ বিশেষ উদ্যোগ।
গোয়ালন্দঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ বলেন, ঈদের আগে ও পরে ঘাট এলাকায় যাত্রী ও পরিবহন পারাপার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবেন। পুলিশের পাশাপাশি র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিভিন্ন গোয়েন্দা পুলিশসহ আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে, অপরাধমুক্ত করতে এবং পরিবহন ও মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এ জন্য জেলা পুলিশের উদ্যোগে দৌলতদিয়া ঘাটের ট্রাক বুকিং কাউন্টার, পরিবহন সিরিয়ালের সামনে, পুলিশ বক্সের সামনে ও লঞ্চঘাট অভিমুখী সড়কে চারটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পর্যায়ক্রমে ফেরিঘাটের চারটি পয়েন্টে আরও চারটি সিসি ক্যামেরা বসানো হবে।