দৌলতদিয়া ঘাটের পাইলিং ও সড়কে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের প্রায় ৬৪ মিটার এবং পাশের সড়কের প্রায় ৭৫ মিটার অংশ ধসে গেছে। গতকাল শুক্রবার তোলা l ছবি প্রথম আলো
ভাঙনের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের প্রায় ৬৪ মিটার এবং পাশের সড়কের প্রায় ৭৫ মিটার অংশ ধসে গেছে। গতকাল শুক্রবার তোলা l ছবি প্রথম আলো

পদ্মার ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৪ নম্বর ঘাটের পাইলিংয়ের প্রায় ৬৪ মিটার এবং পাশের সড়কের প্রায় ৭৫ মিটার অংশ গত দুই দিনে ভেঙে গেছে। আরও বিশাল জায়গায় ফাটল দেখা দেওয়ায় যেকোনো মুহূর্তে ঘাটটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বর্তমানে চারটি ঘাটের মধ্যে তিনটি চালু থাকলেও ১ নম্বর ঘাটটি এখনো বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় থেকে জানা গেছে, দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ভাঙনের কারণে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় তিনটি বন্ধ ছিল। বর্তমানে তিনটি ঘাট চালু থাকলেও ৪ নম্বর ঘাটে গত বুধবার মধ্যরাতে ও বৃহস্পতিবার কয়েক দফায় পাইলিংয়ের পুরো অংশ ও এর পাশের সড়কের একাংশধসে যায়। এ ছাড়া বিশাল অংশে ফাটল দেখা দিয়েছে। ফলে যেকোনো মুহূর্তে ঘাটটি বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া ২ ও ৩ নম্বর ঘাট দুটি চালু থাকলেও এখন পর্যন্ত ১ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ফলে ফের দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার সকালে দেখা যায়, ৪ নম্বর ঘাট সড়কের ভাঙন ঠেকাতে দেওয়া পাইলিংয়ের বিশাল অংশ বালুর বস্তা ধসে দেবে গেছে। এ ছাড়া সড়কের কয়েকটি স্থানে বিশাল ফাটল দেখা দেওয়ায় ভাঙন ঠেকাতে পাইলিং থেকে সড়কের বিপরীত পাশ পর্যন্ত কয়েকটি স্থানে তার দিয়ে টানা দেওয়াহয়েছে। সড়কের এক পাশে বালুভর্তিবস্তা স্তূপ করে রাখাহয়েছে। পাশ দিয়ে কোনোরকমে গাড়িগুলো ফেরিতে গিয়ে উঠছে। একাধিক গাড়িচালক বলেন, ফেরিতে ওঠানামার ক্ষেত্রে অনেকটা ঝুঁকি নিয়ে তাঁদের চলাচল করতে হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী ও দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তামাহবুবুর রহমান জানান, ভাঙন ঠেকাতে ৪ নম্বর ঘাটের ফেরির র‌্যামথেকে সড়কের প্রায় ৬৪ মিটার এলাকায় পাইলিং করা হয়। পাইলিং করা এলাকায় ফেলাবালুর বস্তা ধসে নদীতে চলে গেছে। এ ছাড়া সড়কের অন্তত ৭৫ মিটার অংশ গত দুই দিনেধসে গেছে। আরও কয়েকটি স্থানে বিশাল আকারের ফাটল দেখা দিয়েছে।

মাহবুবুর রহমান আরও জানান, আগে সড়কের প্রস্থ ছিল প্রায় ৭ দশমিক ৩ মিটার। ভাঙনে তা সরু হয়ে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় ৪ মিটারে। পাইলিং থেকে সড়কের মাঝে দূরত্ব তৈরি হয়েছে প্রায় ২০ ফুট। ভাঙন ঠেকাতে কয়েকটি স্থানে তারের টানা দিলেও তা ঠেকানো যাচ্ছে না। ক্রমান্বয়ে ভাঙনে সড়ক সরু হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ও দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, ভাঙনের কারণে দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ৬ আগস্ট বিকেল থেকে ১ নম্বর ঘাটটি বন্ধ হয়ে যায়। এর আগে ৩১ জুলাই থেকে ২ নম্বর ও ২৭ জুলাই থেকে ৪ নম্বর ঘাট বেশ কিছুদিন বন্ধ ছিল। ৩ নম্বর ঘাটটি সাময়িকভাবে দুই দিন বন্ধ ছিল। পরে পর্যায়ক্রমে এই তিনটি ঘাট চালু হলেও ভাঙন অব্যাহত থাকায় ১ নম্বর ঘাটটি এখনো চালু হয়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সভায় জরুরি ভিত্তিতে আসন্ন ঈদুল আজহার আগেই সব কটি ঘাট চালুর ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া ভাঙনে যেকোনো মুহূর্তে ৪ নম্বর ঘাটটি বন্ধের আশঙ্কার কথাও জানান তিনি।