দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে কয়েক শ যানবাহন আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝোড়ো বাতাসের কারণে গত মঙ্গলবার দিবাগত রাতে কয়েক দফায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় ঘাটে গতকাল বুধবার দুপুর পর্যন্ত ছয় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও ঘাটসংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হলে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়।
এ সময় কর্তৃপক্ষ সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা পর আবার নৌযান চলাচল শুরু হয়। কিন্তু এরপর আবার ঝোড়ো বাতাস শুরু হলে গভীর রাত পর্যন্ত কয়েক দফা ফেরি চলাচল ব্যাহত হয়।
গতকাল দুপুর পর্যন্ত দৌলতদিয়া প্রান্তে ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সারিতে তিন শতাধিক যানবাহন আটকে ছিল। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে দুই শতাধিক ট্রাক ও প্রায় ১০০ যাত্রীবাহী বাস আটকা পড়ে।