আবারও ফেরিসংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানজট দেখা দিয়েছে। ১০টির স্থলে সাতটি ফেরি দিয়ে যান পারাপার করায় সোমবার বিকেল পর্যন্ত উভয় ঘাটে চার শতাধিক গাড়ি আটকে থাকতে দেখা যায়।বিআইডব্লিউটিসি ও ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার নিশ্চিত করতে নয়টি রো রো ও একটি কে-টাইপ ফেরি চলাচল করে। কিন্তু ফেরি শাহ পরানের তলায় সমস্যা দেখা দেওয়ায় নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে স্থানান্তর করা হয়। এর একদিন আগে একই সমস্যার কারণে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকেও ডকইয়ার্ডে পাঠানো হয়। রোববার রাত দেড়টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরির যান্ত্রিক ক্রটি দেখা দিলে সেটিকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়। ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক ভরত বিশ্বাস বলেন, ‘সারা রাস্তা শেষে ক্যানেল ঘাট সোজা এসে যানজট লেগে যাচ্ছে। তেমন কাউকে না পেয়ে আমরা যারা পরিবহনের লোক আছি, তারা নিজেরাই মিলে ক্রমিক ঠিক রাখতে চেষ্টা করছি।’বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘একমাত্র ফেরিসংকটের কারণে দৌলতদিয়ায় গাড়ির জট পড়ে থাকছে। এ মুহূর্তে (দুপুর পর্যন্ত) সাতটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাওয়া থেকে মঙ্গলবার শাহ মখদুম নামের একটি ফেরি আসার কথা রয়েছে।’ বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফ উল্লাহ খান জানান, ফেরি কমের কারণে পাটুরিয়া প্রান্তেও দুই শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।