চার ঘণ্টা পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে আজ শুক্রবার ভোর ছয়টা থেকে চার ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল ১০টা থেকে আবারও ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সকালে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ও পাটুরিয়া প্রান্তে চারটি ফেরি আটকা পড়ে। মাঝনদীতে আটকা পড়ে ফেরি শাহ পরান ও ভাষাশহীদ বরকত।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা প্রথম আলোকে জানান, ফেরি বন্ধ হওয়ার কারণে পাটুরিয়া প্রান্তে চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া প্রান্তেও চার শতাধিক পণ্যবাহী গাড়ি ও কয়েকটি যাত্রীবাহী বাস আটকে পড়ে।