দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল, লঞ্চ-ফেরি চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে শুধু বড় আকারের লঞ্চ চলাচল করছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজির হাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা থেকে শুধু বড় লঞ্চগুলোতে যাত্রী পারাপার করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে ছোট আকারের লঞ্চগুলো বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার বলেন, তিন দিন ধরে এই নৌপথে লঞ্চে যাত্রী পারাপার অনেকটা কমে গেছে। মাঝেমধ্যে অবস্থা বুঝে বড় লঞ্চ চললে তাতে কিছু যাত্রী পারাপার হয়। এ ছাড়া অধিকাংশ যাত্রী দুর্ঘটনা এড়াতে ফেরিতে পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ না হলেও ব্যাহত হচ্ছে। বাতাসের গতি বেড়ে গেলে ছোট ফেরি চলতে অনেকটা বেগ পোহাতে হচ্ছে।