দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নানা সমস্যা, ভোগান্তি
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। বিভিন্ন উৎসব, বিশেষ করে ঈদের সময় রাজধানী থেকে যখন ঘরমুখো মানুষের চাপ বাড়ে, তখন এই নৌপথের নানা সমস্যা ও ভোগান্তি নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়।কিন্তু এ সমস্যা এখন শুধু উৎসবকালীন সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এ সমস্যা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সঠিক ব্যবস্থাপনার অভাব, ফেরি সমস্যা, ঘাটসংলগ্ন সড়কের বেহাল দশা, বাইপাস সড়ক না থাকা ও দালালচক্রের কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ নৌপথে যান পারাপার স্বাভাবিক রাখতে ১২টি বড় ফেরি চালু রাখা প্রয়োজন। কিন্তু অধিকাংশ সময় সাত থেকে আটটি ফেরি চলাচল করে। এসব ফেরির বয়স ৩০ বছর পেরিয়ে গেছে। মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগের কারণে এসব ফেরি বিকল হয়ে পড়ে। তখন যান পারাপারে ফেরির সংখ্যা আরও কমে যায়। এ ছাড়া ঘন কুয়াশা, নাব্যতা সংকটসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তখন ঘণ্টার পর ঘণ্টা যানবহনে আটকে থাকতে হয় যাত্রীদের। আসন্ন বর্ষা মৌসুমের আগেই ফেরির সংখ্যা বাড়ানো না হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে ডেনমার্ক থেকে শাহজালাল ও আমানত শাহ, ১৯৮৬-৮৭ সালে শাহপরান, খানজাহান আলী ও ১৯৮৮ সালে এনায়েতপুরী ও কেরামত আলী নামের ফেরিগুলো আনা হয়। এ ছাড়া ১৯৯২ সালে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ভাষাশহীদ বরকত নামের ফেরি দুটি ডেনমার্কের তত্ত্বাবধানে বাংলাদেশেই তৈরি করা হয়। এ ছাড়া স্বাধীনতার আগে কে-টাইপ ফেরি কুমারী হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুরোনো এসব ফেরি দিয়েই চলছে যান পারাপার।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, এই নৌপথে যান পারাপার স্বাভাবিক রাখতে কমপক্ষে ১০-১১টি রো রো ফেরি সার্বক্ষণিক চালু রাখা প্রয়োজন। সেখানে চালু রয়েছে মাত্র সাত থেকে আটটি ফেরি। মাঝেমধ্যেই এসব ফেরি বিকল হয়ে পড়ে। ফলে স্বাভাবিক যান পারাপার ব্যাহত হয়। এ ছাড়া একেকটি ট্রাক ১০-১২ টনের পরিবর্তে ৩০-৪০ টন পণ্য বহন করে। অতিরিক্ত পণ্যবাহী এসব ট্রাক পারপার করায় ফেরির র্যাম, কবজাসহ নানা যন্ত্র দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নতুন ফেরি বাড়ানো জরুরি। রাজবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও সম্পাদক আবদুল মালেক মিয়া বলেন, ফেরির স্বল্পতা, বাইপাস সড়ক না থাকা, বাসের আকার বৃদ্ধি এবং গাড়ির সংখ্যা দ্বিগুণ বেড়ে যাওয়ায় ঘাটসংলগ্ন সড়কে যানজট এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।