দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফের ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে তিন দিন ধরে দ্রুত পানি কমতে থাকায় আবার নাব্যতা সংকট দেখা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে খানজাহান আলী ফেরি পাটুরিয়া যাবার প্রাক্কালে ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি সন্ধ্যা ৬টায় উদ্ধার হয়। এর আগে ভোর সোয়া ৫টার দিকে শাহ মখদুম নামক একটি ফেরি প্রায় ত্রিশ মিনিট আটকে থাকার পর উদ্ধার হয়।শুক্রবার যানবাহন নিয়ে দুটি ফেরি দৌলতদিয়া ঘাটের কাছে নতুন তৈরি করা ‘স্থায়ী’ চ্যানেলে আটকা পড়ে। পরে তাদের উদ্ধার করা হয়। ফেরি মাস্টাররা বলছেন, দৌলতদিয়া-পাটুরিয়ার নতুন চ্যানেলে পানির গভীরতা অনেক কমে যাওয়ায় ফেরি দুটি আটকে যায়। সংশ্লিষ্ট বিভাগের দাবি, অতিরিক্ত যানবাহনের চাপ নেওয়ায় ফেরি দুটি আটকা পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে পাটুরিয়া থেকে ফেরি ‘শাহ পরান’ ১৭টি পণ্যবোঝাই ট্রাক ও তিনটি ছোট গাড়ি এবং একই সঙ্গে ‘খানজাহান আলী’ নামের আরেকটি ফেরি ১৬টি ট্রাক ও তিনটি ছোট গাড়ি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে যাত্রা করে। ফেরি দুটি ভোর পাঁচটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটের কাছে পৌঁছামাত্র নতুন চ্যানেলের ভাটিতে আটকা পড়ে। নিজেরাই দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের সাহায্য চায়। সকাল আটটার দিকে উদ্ধারকারী জাহাজ ‘আশা’ গিয়ে উদ্ধার-তৎপরতা শুরু করে। ফেরি মাস্টারদের সহায়তায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি শাহ পরানকে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু অপর ফেরি খানজাহান আলীকে উদ্ধার করতে ব্যর্থ হয়। বেলা পৌনে ১১টা থেকে আবার চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ ‘আশা’ দুপুর ১২টার দিকে খান জাহান আলী ফেরিকে উদ্ধার করতে সক্ষম হয়। ফেরি শাহ পরানের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. শফিকুল ইসলাম অভিযোগ করেন, যানবাহন নিয়ে চলতে হলে একটি ফেরির জন্য পানির গভীরতা প্রয়োজন ন্যূনতম ৯ থেকে ১০ ফুট। কিন্তু দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়ার কাছে পানির গভীরতা আছে মাত্র ছয় থেকে সাড়ে ছয় ফুট। আবার কোথাও পাওয়া গেছে আট ফুট। বিআইডব্লিউটিএর খনন বিভাগের চিহ্নিত করা নতুন স্থায়ী চ্যানেল দিয়ে আসার সময় ভোর পাঁচটার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পড়ে।ফেরি খানজাহান আলীর প্রধান মাস্টার শাহাব উদ্দিন বলেন, ‘মূল চ্যানেল দিয়ে আসার পর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটের কাছে আসামাত্রই পানি না থাকায় চ্যানেলেই আটকে পড়ি। পরে উদ্ধারকারী জাহাজের সাহায্যে প্রায় সাত ঘণ্টা পর দুপুর ১২টার দিকে উদ্ধার হওয়া সম্ভব হয়।’ বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস হাওলাদার বলেন, তিন দিন ধরে এই ফেরিপথে পানি দ্রুত কমছে। এ কারণে ফেরি আটকে পড়ার ঘটনা ঘটেছে।বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, পানির গভীরতা কমে যাওয়ায় বৃহস্পতিবার থেকে কম যানবাহন নিয়ে ফেরি চলাচলের কথা বলা হয়েছে। কিন্তু গতকাল দুটি ফেরিই অতিরিক্ত যানবাহন নেওয়ায় আটকা পড়ে।এর আগে গত সেপ্টেম্বরের শুরু থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও মাওয়া-কাওরাকান্দি নৌপথে নাব্যতা সংকট সৃষ্টি হলে একের পর এক ফেরি ডুবোচরে আটকে যায়। এ অবস্থায় ১২ সেপ্টেম্বর নৌপথে ফেরি চলাচল অব্যাহত রাখতে দুটি টাস্কফোর্স গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়। শুরু হয় নতুন চ্যানেল তৈরির কাজ। ১৬ সেপ্টেম্বর দৌলতদিয়া-পাটুরিয়ায় নতুন চ্যানেল ফেরি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এরপর স্বাভাবিকভাবে ফেরি পারাপার শুরু হয়।