দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বিকেল চারটার দিকে দৌলতদিয়া চ্যানেলে একটি ফেরি আটকা পড়ার পর তা উদ্ধারের চেষ্টাকালে প্রচণ্ড স্রোতে ভেসে গেলে এই অবস্থার সৃষ্টি হয়।নিয়মিত খননকাজ (ড্রেজিং) না করায় এই নৌপথে নাব্যতা সংকট দেখা দিয়েছে। মাঝেমধ্যে ডুবে থাকা চরে ফেরি আটকা পড়ছে। এ কারণে এই পথে কয়েক দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মাঝেমধ্যে ফেরি চলাচল একেবারে বন্ধ হয়ে যাচ্ছে।জানা গেছে, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে পাটুরিয়া থেকে ছয়টি বাস, তিনটি ট্রাক ও ছয়টি ছোট গাড়ি নিয়ে ছেড়ে আসা ফেরি খানজাহান আলী দৌলতদিয়া চ্যানেলে ঢোকার পর ডুবোচরে আটকা পড়ে। ফেরিটি উদ্ধারের চেষ্টাকালে একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যে ফেরি তীব্র স্রোতে ঘাট থেকে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায়। আরও কয়েকটি ফেরি চ্যানেলে ঢুকতে না পারায় সন্ধ্যা ছয়টা থেকে কোনো ঘাট থেকেই ফেরি না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস ফেরি ভাসিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত একজন টেকনিশিয়ান পাঠানোর পর বিকল ইঞ্জিন সচল করা হয়েছে। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় একটি উদ্ধারকারী আইটি জাহাজের সাহায্যে ফেরিটিকে পাটুরিয়ায় আনা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে ফেরির কয়েকজন মাস্টার (চালক) বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গাফিলতির কারণে এই নৌপথে নাব্যতা সংকট দেখা দিয়েছে। নিয়মিত খননকাজ না করায় ‘ডুবোচর’ সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে ধারণক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরি চালাতে হচ্ছে। এতে বিআইডব্লিউটিএর আয়ও কম হচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় এবং ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, চার-পাঁচ দিন ধরে এসব ডুবোচরে যানবাহনবোঝাই ফেরি আটকা পড়ছে। গত সোমবার রাত ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে রো রো ফেরি আমানত শাহ ১১টি বাস, নয়টি ট্রাক ও চারটি ব্যক্তিগত গাড়ি নিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে নৌ-চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। এ সময় ওই নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভাষাশহীদ বরকত ফেরি একই জায়গায় আটকা পড়ে। রোববার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ফেরি কেরামত আলী আটকে থাকে।