দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে। এ ছাড়া নদীতে প্রচণ্ড স্রোত থাকায় ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে আটকা পড়েছে শত শত গাড়ি। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র স্রোত যুক্ত হয়েছে। তাই ফেরিগুলোকে ঘাট ছেড়ে প্রায় দুই কিলোমিটার উজান হয়ে ঘুরে ঘাটে ভিড়তে হচ্ছে। এতে সময় লাগছে আগের চেয়ে প্রায় দ্বিগুণ। এ জন্য যথাসময়ে যানবাহন পারাপার হতে পারছে না। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছয়টি বাস, আটটি ট্রাক ও সাতটি প্রাইভেট কার নিয়ে ছেড়ে আসে রোরো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। রাত ১১টার দিকে দৌলতদিয়া ঘাটের কাছে আসামাত্র তীব্র স্রোতের ঘূর্ণিপাকে পড়ে ফেরিটি। সামনে এগোতে না পারায় ইঞ্জিন দুর্বল হয়ে পড়লে ফেরিটি প্রায় ১৩-১৪ কিলোমিটার ভাটিতে ভেসে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গতকাল বুধবার ভোর চারটার দিকে উদ্ধারকারী জাহাজের সাহায্যে ফেরিটিকে টেনে আবার পাটুরিয়া ঘাটে নেওয়া হয়। পরে ফেরি গোলাম মাওলায় যানবাহন লোড করে দৌলতদিয়ায় পৌঁছে। বেলা একটার পরে পাটুরিয়া থেকে গাড়ি বোঝাই করে ছেড়ে এলেও ফের একই সমস্যায় পড়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বাধ্য হয়ে ফেরিটিকে পাটুরিয়ার ভাসমান কারখানায় রাখা হয়েছে।
এদিকে এই নৌপথে চলাচলরত ১৮টি ফেরির মধ্যে হামিদুর রহমান ছাড়া গতকাল বিকেল থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের আরেক রোরো ফেরির ইঞ্জিন দুর্বল হয়ে বসে আছে। এর আগে গত সোমবার ইউটিলিটি ফেরি ‘হাসনাহেনা’, রোববার ‘কাবেরী’ এবং দুই মাস ধরে ‘মাধবীলতা’ যান্ত্রিক ত্রুটিতে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে বসে আছে। বর্তমানে চালু রয়েছে ছোট-বড় ১৩টি ফেরি। এ ছাড়া দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটের কাছে পানির তীব্র ঘূর্ণিপাকের কারণে বড় শক্তিশালী ফেরি ছাড়া সেখানে কোনো ফেরি ভিড়তে পারছে না। ৩ নম্বর ঘাটের আপ পকেটের ফিঙ্গারের কবজা তিন ধরে ভেঙে যাওয়ায় ওই পকেটেও কোনো ফেরি ভিড়তে পারছে না। এমন নানা সংকটে চলছে এই নৌপথের যানবাহন পারাপার।
আজ দুপুরে দেখা যায়, ফেরিঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত বাস-ট্রাকের দুই সারি এবং এরপর থেকে আরও প্রায় দুই কিলোমিটার লম্বা গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত এক সারিতে শুধু পণ্যবাহী গাড়ি। খুলনা থেকে বেলা সাড়ে ১১টায় ঘাটে আটকা পড়ে ঈগল পরিবহনের একটি বাস। বাসের যাত্রী হানিফ শেখ বলেন, ‘তিন ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি, অথচ ফেরির নাগাল পাইনি।’ এ রকম অসংখ্য যাত্রী আটকে দুর্ভোগ পোহাচ্ছে।
ঈগল পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক ভরত মণ্ডল বলেন, লম্বা লাইনে দুই থেকে তিন ঘণ্টা ধরে ঈগল কোম্পানির ২১টি যাত্রীবাহী বাস আটকে আছে।
বেনাপোল থেকে মালামাল নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা করে গত মঙ্গলবার বিকেলে দৌলতদিয়ায় পৌঁছান ট্রাকচালক আলামিন শেখ। তিনি অভিযোগ করে বলেন, ‘গাড়ি আটকে থাকার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী দালাল অসাধু ট্রাফিক পুলিশ সদস্যদের যোগসাজশে বাড়তি টাকা নিয়ে আগে যাওয়ার ব্যবস্থা করেন। অথচ এখনো তিন শতাধিক শুধু ট্রাকই আটকে রয়েছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, এই নৌপথের বেশ কয়েকটি ফেরির ইঞ্জিন দুর্বল থাকায় তীব্র স্রোতে ঠিকমতো চলতে পারছে না। যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়েছে আরও কয়েকটি ফেরি। এ কারণে উভয় ঘাটে আটকা পড়া কয়েক শ গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।