দুই রুটে নৌ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় আজ শনিবার দুপুর ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ওই রুটের লঞ্চ চলাচলও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে সকাল থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটেও ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলামের ভাষ্য, খারাপ আবহাওয়ার কারণে নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউ দেখা দিয়েছে। ফেরি ঠিকভাবে চালাতে না পেরে দুপুর ১২টার দিকে পাটুরিয়া প্রান্ত থেকে এবং সাড়ে ১২টা থেকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেওয়া হয়। ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে বেশ কিছু গাড়ি আটকা পড়ে আছে। এতে দুর্ভোগে পড়েছেন আটকেপড়া যাত্রী সাধারণ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, বেলা ১১টার দিকে একবার লঞ্চ চালু হলেও পরে আবহাওয়া খারাপ হওয়ায় আবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ-এর শিমুলিয়া কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, সকাল সাড়ে আটটা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী উত্তাল থাকায় ডাম ফেরি (টাগ বোট দিয়ে টেনে নেওয়া হয়) চলাচল বন্ধ রয়েছে। তবে রো রো ফেরিসহ অন্যান্য ফেরি দিয়ে যানবাহন পারাপার করানো হয়।