দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌপথে যাত্রী না থাকায় ওই রুটেও একপ্রকার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম গতকাল বেলা পৌনে একটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে উঠেছে। যে কারণে ঝুঁকি এড়াতে বেলা সাড়ে ১১টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি শান্ত বা নদী শান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের লঞ্চ চলাচল করবে না। এ ক্ষেত্রে মঙ্গলবার (আজ) সকালের আগে লঞ্চ চলাচলের সম্ভাবনা খুবই কম। এ সময় যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়েছে।

ফরিদুল ইসলাম আরও জানান, আরিচা-নগরবাড়ী নৌপথে নদী তেমন উত্তাল না থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম থাকায় সেখানেও লঞ্চ চলাচল একপ্রকার বন্ধ রয়েছে। তবে ওই নৌপথে ঝুঁকি এড়াতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়নি।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক যাত্রী বৈরী আবহাওয়ার মধ্যেও ঘাটে এসে একধরনের বিপাকে পড়েন। তাঁরা বাধ্য হয়ে অনেকে ফেরিতে করে নদী পাড়ি দেন। তবে এ সময় কিছু কিছু ইঞ্জিনচালিত ট্রলার করে যাত্রীদের নদী পাড়ি দিতে দেখা যায়। দুপুরের দিকে দেখা যায়, লঞ্চঘাটে লঞ্চগুলো সারিবদ্ধ করে বেঁধে রাখা হয়েছে। বৃষ্টির পরিমাণ কমে এলে হঠাৎ মাঝেমধ্যে দু-একজন যাত্রী দেখা যায়।