দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘণ্টা ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে প্রায় ৬৫টি বিভিন্ন গাড়ি এবং সহস্রাধিক গাড়ি নিয়ে আটকা পড়ে পাঁচটি ফেরি। নৌযান বন্ধের কারণে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি। বিকেলের দিকে গাড়ির চাপ আরও বেড়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশা বাড়তে থাকলে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল অব্যাহত রাখে কর্তৃপক্ষ। একপর্যায়ে সামান্য সামনের কিছুই দেখতে না পেয়ে গতকাল বুধবার ভোর পাঁচটা থেকে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রোরো (বড়) এনায়েতপুরী, শাহ জালাল, ভাষাশহীদ বরকত, কেরামত আলী ও ইউটিলিটি (ছোট) রজনীগন্ধা নামক পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলোতে প্রায় ৩৫টির মতো যাত্রীবাহী বাস, ১৫টি পণ্যবাহী ও ১৫টির মতো ছোট গাড়ি ছিল। যাত্রীসংখ্যা ছিল প্রায় ১ হাজার ২০০ জনের মতো। কুয়াশা ও শীতের মধ্যে মাঝনদীতে আটকে থাকা এসব যাত্রী দুর্ভোগের শিকার হন। এ সময় দৌলতদিয়া ঘাটে খানজাহান আলী, কুমারী, শাপলা শালুক ও বনলতা এবং পাটুরিয়া ঘাট এলাকায় আমানত শাহ, ভাষাসৈনিক ড. গোলাম মওলা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, হাসনা হেনা, কাবেরী, কপোতী ও চন্দ্রমল্লিকা নামের আরও সাতটি ফেরি নোঙর করে ছিল। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করে। সাড়ে তিন ঘণ্টার মতো ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি।
সকালে দেখা যায়, ফেরিঘাট থেকে ক্যানালঘাট পর্যন্ত এক সারিতে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী বেশ কিছু ট্রাক ফেরি পারের অপেক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দক্ষিণাঞ্চলে পণ্যবাহী গাড়ি ধর্মঘটের কারণে গাড়ির চাপ অনেকটা কম ছিল বলে আটকে থাকা কয়েকজন চালক জানান। তবে মঙ্গলবার দিবাগত রাতে ধর্মঘট প্রত্যাহারের কারণে বুধবার দুপুরের পর থেকে ফের গাড়ির চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন আটকে থাকা চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বলেন, ধর্মঘটের কারণে পণ্যবাহী গাড়ির চাপ অন্য দিনের তুলনায় কম থাকলেও আজ ভোরে ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টার মতো নৌযান চলাচল বন্ধ থাকায় গাড়ির চাপ বাড়ে। দুপুরের আগে সেসব গাড়ি পার হতে পারলেও দুপুরের পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির চাপ পড়ার আশঙ্কা রয়েছে।