দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নতুন চ্যানেল খুলে দেওয়া হয়েছে
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নতুন খনন করা চ্যানেলটি গতকাল শুক্রবার বিকেলে খুলে দেওয়া হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল মতিন গতকাল প্রথম আলোকে বলেন, ২৪০ ফুট চওড়া এবং প্রায় এক হাজার ফুট দৈর্ঘ্যের এই চ্যানেল গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে খুলে দেওয়া হয়েছে। তিনি জানান, এ সময় দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ‘শাহজালাল’ ও ‘শাহ মখদুম’ নামের দুটি রো রো (বড়) ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। আর সন্ধ্যা ছয়টার দিকে পাটুরিয়া থেকে ফেরি ‘আমানত শাহ’ দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে।বিআইডব্লিউটিএর (পরিচালন বিভাগ) আরিচা কার্যালয়ের ঊর্ধ্বতন উপপরিচালক মো. শাহাজল হক বলেন, কয়েক দিন ধরে খনন চালিয়ে নতুন চ্যানেলটি ফেরি চলাচলের উপযোগী করা হয়েছে। পূর্ণ লোড নিয়ে একটি ফেরির স্বাভাবিক চলাচলের জন্য আট থেকে ১০ ফুট পানির গভীরতার দরকার হলেও চ্যানেলটিতে পানির গভীরতা ১১ ফুটের বেশি।প্রকৌশলী আবদুল মতিন বলেন, চ্যানেলটি ঠিক রাখার জন্য খননকাজ অব্যাহত থাকবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, দু-এক দিন গেলেই বোঝা যাবে যে চ্যানেলের কোথাও কোনো সমস্যা আছে কি না।