দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া চ্যানেলের ডুবোচরে গতকাল রোববার বিকেলে একটি ফেরি আটকে গেছে। এ কারণে সন্ধ্যার পর থেকে ওই রুটে ফেরি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। উভয় ঘাটে আটকা পড়েছে কয়েক শ গাড়ি। কর্তৃপক্ষ দাবি করেছে, ফেরি আটকা পড়ায় অল্প গাড়ি নিয়ে সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রো রো ফেরি কেরামত আলী ছোট-বড় ২৪টি গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ঘাট থেকে ছেড়ে মূল চ্যানেলে ঢোকার পর গভীরতা কম থাকায় ফেরিটি ডুবোচরে আটকা পড়ে। ফেরিতে প্রায় ৩০০ যাত্রী রয়েছে। পরে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করা যায়নি।কেরামত আলীর প্রধান মাস্টার সারোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কেরামত আলী চ্যানেলের মাঝামাঝি এলাকায় আটকে পড়ায় সন্ধ্যার পর থেকে কোনো ফেরি পার হতে পারছে না। ফলে ছেড়ে আসা কয়েকটি ফেরি নদীতেই ভাসছে।