দৌলতদিয়া-পাটুরিয়া পথে আরও দুটি ফেরি বিকল
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে গত মঙ্গল ও বুধবার আরও দুটি ফেরি বিকল হয়েছে। এ নিয়ে চারটি ফেরি বিকল হওয়ায় তিন দিন ধরে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়ে গেছে।জানা গেছে, গত মঙ্গলবার সকালে রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান’ ও বুধবার রাতে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ বিকল হয়। মেরামতের জন্য হামিদুর রহমানকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পাঠানো হয়েছে। তবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে মেরামত করে গতকাল শুক্রবার আবার চালু করা হয়েছে। এর আগে ইউটিলিটি ফেরি ‘অপরাজিতা’ এক সপ্তাহ এবং রো রো ফেরি ‘এনায়েতপুরী’ তিন মাস ধরে বিকল রয়েছে।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ফেরিগুলো বিকল থাকায় দৌলতদিয়া ঘাটে প্রায় ২৫০টি যানবাহন আটকা পড়ে আছে। ফেরির সংখ্যা কম এবং স্বাভাবিক গাড়ির সঙ্গে মানিকগঞ্জের সিদ্দিকনগরের বাৎসরিক ওরসগামী বেশ কিছু বাস আসায় বুধবার থেকে এ ঘাটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়তে শুরু করেছে। বিকল ফেরিগুলো দ্রুত মেরামত করা হলে এ ঘাটে যানজট থাকবে না।’