দৌলতদিয়া-পাটুরিয়ায় আটকে আছে কয়েক শ গাড়ি
পদ্মায় পানি বাড়তে থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ঘাট ও ফেরি-স্বল্পতার কারণে উভয় ঘাটে আটকা পড়ছে কয়েক শ গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন আটকে থাকা গাড়িচালক ও যাত্রীরা। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, এক সপ্তাহ ধরে নদীতে দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধিতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ও পাটুরিয়ায় ঘাট সমস্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় প্রায় ৪৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে গতকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত গোয়ালন্দ অববাহিকায় বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বেড়ে যাওয়ায় গতকাল সোমবার সন্ধ্যার পর দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটের র্যাম্প তলিয়ে যায়। আজ মঙ্গলবার ভোর থেকে ওই ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠা-নামা বন্ধ রয়েছে। ঘাটটি টেনে হাই ওয়াটার লেভেলে (উচ্চ স্তরে) নেওয়ার ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ দুপুরের পর বাধ্য হয়ে সাবেক ২ নম্বর ঘাটটিতে স্থানান্তর করে। বাকি তিনটি ঘাট চালু থাকলেও নতুন প্রস্তাবিত চালু হওয়া ১ নম্বর ঘাটটি বর্তমান ঘাট থেকে অনেকটা উজানে হওয়ায় স্রোতের কারণে সামনে উজাতে না পেরে নির্দিষ্ট সময়ে ঘাটটিতে ফেরি ভিড়ছে না। আগে যেখানে এই নৌপথে একটি ফেরি নদী পাড়ি দিতে সময় লাগত ৩০ থেকে ৩৫ মিনিট, এখন সেখানে সময় লাগছে এক ঘণ্টার বেশি। এই নৌপথে ছোট-বড় ১৬টি ফেরি চললেও বর্তমানে চলছে ১২টি। বাকি দুটি রোরো (বড়) ফেরির মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্রায় ১২ দিন ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গত শনিবার থেকে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে রয়েছে।
গত শুক্রবার রাত একটার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি বনলতা। ৪০ মিনিট সময় নিয়ে ফেরিটি দৌলতদিয়ার বর্তমান ৩ নম্বর ঘাটের কাছে আসামাত্র প্রচণ্ড স্রোতের ধাক্কায় ঘাট থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে চলে যায়। ভাটি থেকে প্রায় ২৫ মিনিট সময় নিয়ে ফেরিটি ৪ নম্বর ঘাটের কাছে ভিড়ে। এ সময় দুটি ফেরি সেখানে অবস্থান করায় আরও প্রায় ৩০ মিনিট পর ফেরিটি ঘাটে আসে। ফেরি মাস্টাররা জানান, এভাবে তাঁদের ফেরি চালাতে হচ্ছে।
আজ সকালে দেখা যায়, ৪ নম্বর ঘাটের র্যাম্পের মাথা পানিতে তলিয়ে গেছে। স্থানীয় দুই রিকশাচালক তাঁদের রিকশা ধোয়ার কাজ করছেন। এ সময় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (মেরিন) আবদুস ছাত্তার জানান, ঘাটটি উঁচু স্তরে না বসানো পর্যন্ত চালু করা সম্ভব নয়। এখানে সে ধরনের রাস্তা বা পরিবেশ না থাকায় বাধ্য হয়ে সাবেক ২ নম্বর ঘাটে সরিয়ে নেওয়া হচ্ছে। আজ দুপুরের পর ঘাটটি ২ নম্বর ঘাটে স্থানান্তরিত হবে। এ ছাড়া বাকি তিনটি ঘাট চললেও নতুন প্রস্তাবিত ১ নম্বর ঘাটে একটি বড় ফেরি ভিড়তে দেখা যায়। ফেরি ও ঘাট সমস্যার কারণে ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার লম্বা চারলেন সড়কের পশ্চিমে শুধু পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার লম্বা আরেক লাইনে যাত্রীবাহী বাস ও অন্যান্য গাড়ি থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, মূলত পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। ফেরিস্বল্পতার কারণেও উভয় ঘাটে গাড়ি আটকে থাকছে। এ ছাড়া দুই পারেই কিছুটা ঘাট সমস্যা রয়েছে। যে কারণে গাড়ি আটকা পড়ছে।