দৌলতদিয়া-পাটুরিয়ায় তিনটি ফেরি বন্ধ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী আটটি ফেরির মধ্যে তিনটিই বিভিন্ন সমস্যার কারণে গতকাল মঙ্গলবার দুপুর থেকে যাত্রী ও যানবাহন পরিবহন করছে না। গতকাল বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ঘাটে চার শতাধিক যানবাহন আটকা পড়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্র জানায়, বর্তমানে এই নৌপথে সাতটি রোরো ও একটি কে-টাইপ ফেরির মধ্যে গতকাল দুপুর একটার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাময়িকভাবে বিশ্রামের জন্য ও শাহ আলী ফেরির পোর্ট পরিষ্কারের জন্য বসে পড়ে। এ ছাড়া কপোতী নামক কে-টাইপ ফেরির র‌্যামের তার ছিঁড়ে যাওয়ায় সেটি বসে আছে। শাহ পরান নামক ফেরির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগলে ও ইঞ্জিনের কিছুটা সমস্যা দেখা দেওয়ায় সেটিকে বসিয়ে রাখা হয়েছে। ফেরি-স্বল্পতার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়ছে। পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার ও পাটুরিয়া-ঢাকা সড়কের প্রায় এক কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। এতে উভয় ঘাটে বেলা তিনটা নাগাদ চার শতাধিক বাসসহ পণ্যবাহী ট্রাক আটকে আছে। একই দিনে এতগুলো ফেরি বন্ধ থাকা প্রসঙ্গে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক আবদুল মতিন বলেন, মতিউর ও শাহ আলী ফেরি দুটি সন্ধ্যার (মঙ্গলবার) আগেই যানবাহন পারাপার শুরু করবে। বিকেলপাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি শাহ আলী ফের চালু হয়েছে।