দৌলতদিয়া-পাটুরিয়ায় দুর্ভোগ বেড়েছে
দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। নদীতে ফের পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোত দেখা দিয়েছে। এতে ফেরি পারাপারে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। উভয় ঘাটে আটকা পড়ছে শত শত গাড়ি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পচনশীল পণ্যবাহী গাড়ি আগে পার হওয়ায় দুই-তিন ধরে ঘাটে আটকে থাকছে সাধারণ পণ্যবাহী গাড়ি। বেড়েছে দুর্ভোগ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে ফের পদ্মা ও যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে নদীতে স্রোতের গতি বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যেখানে আগে ৩০ থেকে ৩৫ মিনিট সময় লাগত, সেখানে এখন এক থেকে দেড় ঘণ্টার বেশি সময় লাগছে। আগে এই নৌপথে ছোট-বড় মিলে নিয়মিত ১৬টি ফেরি চলত। বর্তমানে ফেরি রয়েছে ১৫টি। এর মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে একটি বড় ফেরি বিকল হয়ে পড়েছে। ফেরির সংকট বেড়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। পাশাপাশি দ্রুত গাড়ি পার করতে না পারায় উভয় ঘাটে আটকা পড়ছে শত শত গাড়ি।
আজ সোমবার সকালে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ লম্বা সারি। সেখানে ৩০০-এর বেশি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য গাড়ি রয়েছে। পাশাপাশি ফেরিঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত শতাধিক যাত্রীবাহী বাসের সারি রয়েছে। তবে বেলা বাড়লে গাড়ির সারি আরও লম্বা হবে বলে মনে করছেন ঘাটের দায়িত্বে থাকা কর্মীরা।
বেনাপোল থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা ট্রাকচালক উজ্জ্বল শেখ (৪৫) বলেন, ‘গত শুক্রবার রাতে গোয়ালন্দ মোড়ে পৌঁছালে স্থানীয় হাইওয়ে থানার পুলিশ আটকে দেয়। এক দিন সেখানে অবস্থানের পর গত শনিবার দুপুরে দৌলতদিয়া ঘাটের সিরিয়ালে এসে আটকা পড়ি। দুই দিন পার হওয়ার পর এখনো ফেরির টিকিট হাতে পাইনি। অথচ বাড়তি টাকাপয়সা যা ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে।’
ট্রাকচালক রুঞ্জু মোল্লা বলেন, ‘শনিবার সন্ধ্যায় ঘাটে এসে এখনো আটকে আছি। আমাদের মতো প্রায় ২০০ গাড়ি দুই-তিন ধরে আটকে রয়েছে। খাওয়াদাওয়া করা, গোসল করাসহ প্রকৃতির কাজ সারতে বিপদে পড়তে হয়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরিস্বল্পতার কারণে ঘাটে বিভিন্ন ধরনের গাড়ি আটকা পড়ছে। নদীতে¯স্রোত অনেক বেড়ে যাওয়ায় ফেরি পারাপারে সময় লাগছে বেশি।