দৌলতদিয়া-পাটুরিয়ায় নতুন দুটি ঘাট চালু নিয়ে শঙ্কা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়ায় আরও দুটি নতুন ঘাট চালু করতে বিআইডব্লিউটিএর নিজস্ব পন্টুন আনা হলেও লোকবল এবং সরঞ্জামাদির অভাবে তা দ্রুত চালু করা যাচ্ছে না। ছবি: এম রাশেদুল হক
এক সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়ায় আরও দুটি নতুন ঘাট চালু করতে বিআইডব্লিউটিএর নিজস্ব পন্টুন আনা হলেও লোকবল এবং সরঞ্জামাদির অভাবে তা দ্রুত চালু করা যাচ্ছে না। ছবি: এম রাশেদুল হক

ঈদে ঘরমুখী যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন করতে প্রায় এক সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়ায় আরও দুটি নতুন ঘাট চালু করতে পন্টুন আনা হলেও লোকবল ও সরঞ্জামের অভাবে চালু করা যাচ্ছে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, দ্রুত লোকবল নিয়োগ ও সরঞ্জাম আমদানি করে এক সপ্তাহ নাগাদ চালু করা সম্ভব হবে। দৌলতদিয়ায় বর্তমানে চারটি ঘাট চালু রয়েছে।

আজ মঙ্গলবার সরেজমিন দেখা যায়, দৌলতদিয়ার মোট ছয়টি ঘাটের মধ্যে ১, ৩, ৪ ও ৫ নম্বর ঘাট চালু রয়েছে। ২ ও ৬ নম্বর ঘাট নতুন করে চালু করতে সেখানে বিআইডব্লিউটিএর নিজস্ব দুটি পন্টুন এনে রাখা হয়েছে। সেখানে শ্রমিকেরা বালু ও ইটের আদলা ভর্তি বস্তা ফেলে ঘাটের সংযোগ সড়ক চালুর কাজ করছে। নদীর পাড়ে ঘাটে পন্টুন দুটি টেনে খাড়া করে রাখা হয়েছে। কয়েকজন শ্রমিক জানান, ঘাট দুটি চালু করতে দুই থেকে তিন দিন লাগবে। পন্টুন ও ঘাট চালাতে প্রয়োজনীয় লোকবল প্রয়োজন। এ ছাড়া পন্টুন ধরে রাখতে আনুষঙ্গিক সরঞ্জাম আমদানি করা হয়নি। এসব না থাকায় সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ হলেও ঘাট চালু করা সম্ভব হবে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঈদে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী হাজার হাজার মানুষ এবং যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ন্যূনতম ১৯টি ফেরি ও ছয়টি ঘাট চালুর সিদ্ধান্ত হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মোট ১৭টি ফেরি রয়েছে। যদিও মাঝেমধ্যে এক-দুটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে বসে পড়ছে। ফেরি ঈদের এক সপ্তাহ আগেই আরও দুটি এই নৌপথে যুক্ত হওয়ার কথা রয়েছে।

এক সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়ায় আরও দুটি নতুন ঘাট চালু করতে বিআইডব্লিউটিএর নিজস্ব পন্টুন আনা হলেও লোকবল এবং সরঞ্জামের অভাবে তা দ্রুত চালু করা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে ২ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক চালু করতে শ্রমিকদের বালুভর্তি বস্তা ফেলতে দেখা যায়। ছবি: এম রাশেদুল হক
এক সপ্তাহ ধরে রাজবাড়ীর দৌলতদিয়ায় আরও দুটি নতুন ঘাট চালু করতে বিআইডব্লিউটিএর নিজস্ব পন্টুন আনা হলেও লোকবল এবং সরঞ্জামের অভাবে তা দ্রুত চালু করা যাচ্ছে না। মঙ্গলবার দুপুরে ২ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক চালু করতে শ্রমিকদের বালুভর্তি বস্তা ফেলতে দেখা যায়। ছবি: এম রাশেদুল হক

তিনি আরও জানান, বর্তমানে দৌলতদিয়ায় চারটি ঘাট চালু রয়েছে। নতুন করে আরও দুটি ঘাট বাড়াতে গত ৩০ মে বিআইডব্লিউটিএর নিজস্ব দুটি পন্টুন আনা হয়েছে। কিন্তু পন্টুন রক্ষণাবেক্ষণ ও তদারকি করতে প্রয়োজনীয় সারেং (চালক), লস্কর, গ্রিজারসহ তিন-চারজন লোকবল থাকার কথা। ঈদের আগে যথাসময়ে ঘাট দুটি চালু করা সম্ভব না হলে যাত্রী এবং যানবাহন পারাপার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নতুন দুটিসহ ছয়টি ঘাট চালু থাকলে যানবাহন পারাপার খুবই সহজ হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন বলেন, সম্প্রতি দৌলতদিয়া ঘাট পরিস্থিতি পর্যবেক্ষণে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ। এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী ঈদে যাত্রী ও যানবাহন নির্বিঘ্ন করতে আরও দুটি ঘাট বাড়ানোর ব্যাপারে প্রস্তাব করলে তিনি আশ্বাস দেন। কিছুদিন পর ফেরিঘাট এলাকা পরিদর্শনে আসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় তাঁর কাছেও বিষয়টি উত্থাপন করা হলে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। সে আলোকে দৌলতদিয়ায় আরও দুটি পন্টুন আনা হয়েছে।

এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন পাঠান প্রথম আলোকে বলেন, ঈদে এই নৌপথ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারে যাতে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয় এ জন্য অতিরিক্ত নতুন দুটি ঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঘাট চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে লোকবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করে ঘাট দুটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।