দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে যানবাহন বোঝাই আটটি ফেরি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এই নৌপথে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার সকাল সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত থেকেই কুয়াশা পড়তে থাকে। এতে নৌযান চলাচল ব্যাহত হয়। ঘন কুয়াশার কারণে রাত আড়াইটার দিকে নৌযান চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময় দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া আটটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলোতে শতাধিক যানবাহন আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে নদী পারাপারের অপেক্ষায় আছে কয়েক শ যানবাহন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নৌযান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।