দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও যান চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড ঢেউ থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ শুক্রবার বিকেল থেকে ঝোড়ো বাতাসের শুরু হলে যানবাহন পারাপার ব্যাহত হয়। দুটি ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে।

বিকেলে ঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে লম্বা সারিতে কয়েক শ গাড়ি আটকা পড়ে আছে। এর মধ্যে অধিকাংশ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এতে যাত্রীবাহী বাসগুলো পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘাটে আটকে থাকছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ঝোড়ো বাতাস শুরু হলে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এ সময় প্রায় আধা ঘণ্টার মতো সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হলেও নদীতে উত্তাল ঢেউ থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে কিছু গাড়ি ঘাটে আটকা পড়েছে। এই নৌপথের ১৫টির মধ্যে একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কিছু পণ্যবাহী ট্রাক আগে থেকে আটকে ছিল। বিকেলে বৈরী আবহাওয়ার কারণে নৌযান পারাপার ব্যাহত হয়। এতে উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়েছে।