ঝড়ের কারণে গত রোববার সন্ধ্যা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। ওই দিন সন্ধ্যা সাতটায় ঝড়টি আঘাত হানে। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আড়াই ঘণ্টা ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকে।বিদ্যুৎ বিভাগের গোয়ালন্দ উপজেলার আবাসিক প্রকৌশলী মো. মোহসীন মোল্যা জানান, গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের বিদ্যুৎ লাইনের কমপক্ষে ২৫টি স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়ায় উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সোমবার (গতকাল) সন্ধ্যার আগে বিদ্যুতের সংযোগ চালু করা সম্ভব নয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তানভির হোসেন জানান, সন্ধ্যা সাতটার দিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হলে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দৌলতদিয়া ঘাটে কেরামত আলী, আমানত শাহ ও শাহ পরান নামের তিনটি রোরো ফেরি যানবাহন নিয়ে ঘাটে নোঙর করে থাকে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ জালাল দৌলতদিয়া ঘাটের চ্যানেলে ঢোকামাত্র ঝড়ের কবলে পড়লে ফেরিটি সেখানেই নোঙর করে। বাকি পাঁচটি ফেরি পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে আটকে থাকে। রাত সাড়ে নয়টার দিকে ঝড়ের গতিবেগ কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।