প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে প্রায় নয় ঘণ্টা ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝনদীতে পাঁচটি রো-রো ফেরি দীর্ঘক্ষণ আটকে থাকে। এতে করে দুই ঘাটেই যানজটের সৃষ্টি হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশায় নদী ঢেকে যেতে থাকে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাত সোয়া একটা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দৌলতদিয়া প্রান্তে তিনটি ও পাটুরিয়ায় দুটি ফেরি নোঙর করে থাকে। এ ছাড়া পাটুরিয়া থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি প্রায় ১০০ যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটের কাছে দিক হারিয়ে নোঙর করে থাকে। সকাল ১০টার দিকে কুয়াশা কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৩০০ যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে।