দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শুক্রবার দুপুর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকায় সকাল থেকে এই নৌপথে বড় আকারের কিছু লঞ্চ চলাচল করে। এ ছাড়া ফেরি চলাচল করলেও চলছে ধীর গতিতে। নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বেশ কিছু যানবাহন আটকে আছে। আজ বিকেল পর্যন্ত উভয় ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ উত্তাল হওয়ায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সকাল থেকে স্বল্পসংখ্যক বড় লঞ্চে যাত্রী পারাপার করে। তবে দুপুর থেকে নদীতে উত্তাল ঢেউ সৃষ্টি হলে দুপুর সাড়ে ১২টা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত এই নৌপথে কোনো লঞ্চ চলাচল করবে না। ফরিদুল ইসলাম বলেন, দৌলতদিয়া-আরিচা এবং পাটুরিয়া-কাজিরহাট নৌপথে কিছু লঞ্চ চলাচল করলেও বৈরী আবহাওয়ার কারণে এই নৌপথে সেসব লঞ্চ তেমন একটা চলছে না। এসব নৌপথের যাত্রীদের লঞ্চের পরিবর্তে ফেরিতে নদীপথ পাড়ি দিতে অনুরোধ করা হয়েছে। এসব ব্যাপারে তাঁরা সক্রিয় রয়েছে বলে জানান।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া কারণে নদীতে ঝোড়ো বাতাস থাকায় দু-তিনটি ফেরির ইঞ্জিন দুর্বলের কারণে বাতাসের বিপরীতে সহজে চলতে পারছে না। অন্য ফেরিগুলো সীমিত আকারে যানবাহন নিয়ে ধীর গতিতে চলাচল করছে। তা ছাড়া এখনো এই নৌপথের তিনটি ফেরি বিকল থাকায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
শফিকুল ইসলাম আরও বলেন, আজ লঞ্চ চলাচল বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে করে নদী পাড়ি দিচ্ছেন। তবে বাতাস ছাড়াও নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে যানবাহন পারাপার স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন।