দৌলতদিয়া-পাটুরিয়ায় সাত ঘণ্টা ফেরি চলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া ঘাটে আজ সকালে যানবাহনের দীর্ঘ সারি। দৌলতদিয়া, রাজবাড়ী ১২ জানুয়ারি ২০১৮। ছবি: এম রাশেদুল হক
দৌলতদিয়া ঘাটে আজ সকালে যানবাহনের দীর্ঘ সারি। দৌলতদিয়া, রাজবাড়ী ১২ জানুয়ারি ২০১৮। ছবি: এম রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত গোয়ালন্দ প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। 

কয়েক দিন ধরে এই নৌপথে ঘন কুয়াশার কারণে নৌযান পারাপার ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় রাত সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি ভাষা সৈনিক ডা. গোলাম মওলানা, খান জাহান আলী, মধ্যম আকারের ফেরি ঢাকা ও ইউটিলিটি (ছোট) ফেরি মাধবীলতা মাঝনদীতে গিয়ে কুয়াশার কবলে আটকা পড়ে। এ সময় ফেরিতে ২৮টির মতো নৈশকোচ, ১২টির মতো পণ্যবাহী ট্রাক ও ১০টির মতো ছোট গাড়ি ছিল। যাত্রীর সংখ্যা ছিল পাঁচ শর বেশি। ভেজা কুয়াশার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা দেয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমতে থাকলে ফেরিগুলো ছাড়তে শুরু করে। নৌযান পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে। তীব্র শীত ও কুয়াশায় আটকে থাকা যাত্রী ও যানবাহন চালকেরা নদী ও সড়ক পথে দুর্ভোগের শিকার হন। এ ছাড়া এই নৌপথের ১৬টি ফেরির মধ্যে দুটি ফেরি বিকল রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের বড় ফেরি এক সপ্তাহ ধরে তলদেশ সমস্যায় পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যান্ত্রিক ত্রুটিতে বনলতা নামের ছোট ফেরি বিকল রয়েছে। এ ছাড়া চারটির মধ্যে দীর্ঘদিন ধরে ১ নম্বর ঘাটের সামনে দিয়ে লঞ্চঘাট এলাকায় ড্রেজিং করায় ওই ঘাটে সহজে কোনো ফেরি ভিড়তে পারছে না। বাকি ২, ৩ ও ৫ নম্বর (তিনটি) ঘাট দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। একদিকে কুয়াশায় অধিকাংশ দিন রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। তারপর দুটি ফেরি ও একটি ঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আজ বিকেলে দেখা যায়, দৌলতিদয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার লম্বা গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত যানবাহনের লাইন তৈরি হয়েছে। ফেরিঘাট থেকে মহাসড়কে প্রায় তিন কিলোমিটারজুড়ে দু-তিন সারি গাড়ি দেখা যায়। এ ছাড়া চারটি ঘাটের মধ্যে শুধু ২, ৩ ও ৫ নম্বর ঘাট দিয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রয়োজনের তুলনায় ফেরির সংখ্যা কম ও একটি ঘাটে ড্রেজিংয়ের যন্ত্রাংশ থাকায় সহজে ঘাটে ফেরি ভিড়তে না পারায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। পাশাপাশি কয়েক দিন ধরে কুয়াশার কারণে অধিকাংশ দিন রাতে ফেরি চলাচল বন্ধ থাকছে। আর এসব কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানজট সৃষ্টি হচ্ছে।